• জাতীয়
  • ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ

ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ

জাতীয় ১ মিনিট পড়া
ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণ করে দিতেই এবারের গণভোট।

দেশজুড়ে গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে রোববার (১১ জানুয়ারি) বরিশালের বেলস পার্কে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এ কথা বলেন।

বরিশাল বিভাগের কমিশনার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বিভাগীয় ও জেলা পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় কর্মসূচির প্রথম দিনে আজ বরিশাল বিভাগের ইমামদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত বারো শতাধিক ইমাম সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে আসন্ন গণভোটে সরকারের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেন, অনেক সংগ্রামের বিনিময়ে পাওয়া এ বাংলাদেশের প্রকৃত মালিক দেশের জনগণ। গণভোটের মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা তৈরি হবে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ কীভাবে চালাবেন, এ গণভোটের মাধ্যমে তা নির্ধারণ করে দেওয়ার সুযোগ সবাইকে কাজে লাগাতে হবে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চেয়েছি যেখানে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে।

কিন্তু বিগত চুয়ান্ন বছরেও আমরা সেই লক্ষ্য অর্জনের কাছাকাছিও পৌঁছাতে পারিনি। তিনি বলেন, গত ষোল বছরের ফ্যাসিস্ট শাসন, অত্যাচার ও নিপীড়ন থেকে এটুকু পরিষ্কার যে, এ ব্যবস্থার পরিবর্তন ছাড়া আমরা এগিয়ে যেতে পারব না।

প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আমরা যে যার ইচ্ছামতো পছন্দের প্রার্থীকে ভোট দেব; কিন্তু আগামীর দেশটা কেমন হবে তা নিয়ে আমাদের একমত হতে হবে। গণভোট নিয়ে সংশয়ের অবকাশ নেই উল্লেখ করে তিনি বলেন, সাধারণ নির্বাচনে ভোট দিয়ে আমরা যেমন প্রার্থী নির্বাচন করি, তেমনি গণভোটে অংশ নিয়ে জুলাই সনদের ভিত্তিতে দেশ গড়ার পথে এগিয়ে যাব।

Tags: গণভোট ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই আলী রীয়াজ