বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে দাপটের সাথে পরাজিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। পেসার রিপন মন্ডলের দারুণ হ্যাটট্রিক এবং ওপেনার তানজিদ তামিমের বিস্ফোরক অর্ধশতকে ভর করে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় দলটি। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিশ্চিতের পাশাপাশি প্লে-অফে বা শেষ চারে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে রাজশাহী।
রাজশাহীর বোলিংয়ে রিপনের হ্যাটট্রিক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায়। রাজশাহীর পেসার আব্দুল গাফ্ফার সাকলাইন শুরুতেই আঘাত হেনে উসমান খান (২৭ বলে ৪১) এবং বিশ্বকাপ দলের ব্যাটার সাইফ হাসানের উইকেট তুলে নেন। তবে ম্যাচের মোমেন্টাম নিজেদের দিকে ঘুরিয়ে আনেন রিপন মন্ডল। ইনিংসের শেষ তিন বলে তিনি টানা তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন, যা বিপিএল ইতিহাসের একাদশতম হ্যাটট্রিক। ৪ ওভার বল করে মাত্র ৩০ রান খরচায় এই কীর্তি গড়েন এই বোলার।
তানজিদ তামিমের বিধ্বংসী ব্যাটিং জয়ের জন্য মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সকে সামনে থেকে নেতৃত্ব দেন তরুণ ওপেনার তানজিদ তামিম। তিনি ৪৩ বলে ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৭৬ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন। তার সঙ্গী আরব আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসেম ১৩ বলে ২২ রান করেন। মুশফিকুর রহিম ও জেমি নিশামের ব্যাটে ভর করে ২৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।
তিন দলের প্লে-অফ নিশ্চিত, শেষ স্থানের জন্য লড়াই ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। তাদের সঙ্গে প্লে-অফে জায়গা পাকা করেছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। বাকি এক স্থানের জন্য লড়ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। সমীকরণ অনুযায়ী, রংপুর তাদের বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই শেষ চারে যাবে। তবে রংপুর দুই ম্যাচেই হারলে এবং ঢাকা বা নোয়াখালী দুই ম্যাচেই জিতলে নেট রান রেটের হিসাবে লিটন দাস ও মুস্তাফিজদের বাদ পড়ার সম্ভাবনা থাকবে।