৩০ আসনে এনসিপির লড়াইয়ের ঘোষণা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত সমঝোতার ভিত্তিতে ৩০টি আসনে লড়বে। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে দলের সকল নেতাকর্মী এই সিদ্ধান্ত মেনে নিয়েছে।
'আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট'
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জোটের আদর্শ ব্যাখ্যা করে বলেন, এই জোট মূলত 'আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট'। তিনি আরও বলেন, জোট গঠনের জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে এবং অন্যান্য দলগুলোর মধ্যেও ছাড় দেওয়ার মানসিকতা থাকায় এই জোট গঠিত হতে পেরেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইনশাআল্লাহ এই জোট এবার সরকার গঠন করবে।
তিনি জানান, এটি কোনো আদর্শিক জোট নয়, বরং এটি একটি 'স্ট্র্যাটেজিক' (কৌশলগত) জোট।
পদত্যাগকারীদের বিষয়ে মন্তব্য ও গণভোটে অংশগ্রহণ
এনসিপি থেকে যারা পদত্যাগপত্র দিয়েছেন, তাদের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, “যারা পদত্যাগপত্র দিয়েছেন, তারা আমাদের অ্যাসেট (Asset)। তাদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি। এখনো একসঙ্গে কাজের সুযোগ আছে।”
এছাড়া, এনসিপির কোনো প্রার্থী নেই এমন ২৭০টি আসনে দলের পক্ষ থেকে প্রতিনিধির মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হবে। তৃণমূল পর্যায়ে মাঠপর্যায়ে গণভোটের প্রার্থী হিসেবেও এনসিপি কাজ করবে বলে তিনি জানান।