স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে মহান বিজয় দিবসের বিশেষ আয়োজনে স্কাইডাইভিংয়ে একসঙ্গে সর্বাধিক জাতীয় পতাকা উড়িয়ে বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ। আকাশে লাল-সবুজের এই ঐতিহাসিক উপস্থিতি আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে।
রেকর্ড: সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সম্প্রতি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরকে (আইএসপিআর) এ রেকর্ডের স্বীকৃতির তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর মঙ্গলবার (১৩ জানুয়ারি, ২০২৬) এ বিষয়ে জানায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে বাংলাদেশ একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড গড়ে।
অফিসিয়াল টাইটেল ও অংশগ্রহণকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাইডাইভাররা এই ব্যতিক্রমী অভিযানে অংশ নেন। 'Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)' শিরোনামে এই রেকর্ড অর্জন করে টিম বাংলাদেশ। এর মধ্য দিয়ে দেশটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি লাভ করে। অভিযানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ একাধিক সদস্য অংশ নেন।
জাতীয় ঐক্য ও সাহসের বার্তা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের রেকর্ডস ম্যানেজমেন্ট টিম জানিয়েছে, এই ঐতিহাসিক উদ্যোগের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে তোলা। একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের একত্রিত করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার শক্তিশালী বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরা। আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠায় বিডার নির্বাহী চেয়ারম্যান এটিকে ‘গর্বের দিন’ বলে অভিহিত করেছেন।