• জীবনযাপন
  • গরুর মাংসের সুস্বাদু কাকোরি কাবাব তৈরির সহজ রেসিপি

গরুর মাংসের সুস্বাদু কাকোরি কাবাব তৈরির সহজ রেসিপি

সুস্বাদু গরুর কাকোরি কাবাব তৈরি করুন খুব সহজে, বিশেষজ্ঞ শেফের রেসিপি অনুসরণ করে।

জীবনযাপন ১ মিনিট পড়া
গরুর মাংসের সুস্বাদু কাকোরি কাবাব তৈরির সহজ রেসিপি

উত্তর ভারতের জনপ্রিয় মুখরোচক খাবারগুলির মধ্যে কাকোরি কাবাব অন্যতম। এটি সাধারণত খাসির মাংস দিয়ে তৈরি হলেও, গরুর মাংস দিয়েও সমান সুস্বাদু কাবাব তৈরি করা যায়। রেনেসেন্স ঢাকা গুলশান হোটেলের কালিনারি শেফ **হিমেল কাওসার** দিয়েছেন সেই সহজ রেসিপি।

উপকরণ

  • গরুর কিমা: ১ কেজি
  • কাঁচা পেঁপেবাটা: ২ টেবিল চামচ
  • পেঁয়াজবাটা: ১ কাপ
  • আদাবাটা: ১ টেবিল চামচ
  • রসুনবাটা: ১ টেবিল চামচ
  • টক দই: আধা কাপ
  • কাঁচা মরিচবাটা: ১-২ চা চামচ (ঝাল অনুযায়ী)
  • ধনেগুঁড়া: ১ চা-চামচ
  • জিরাগুঁড়া: ১ চা চামচ
  • গরমমসলার গুঁড়া: ১ চা চামচ
  • জয়ফল ও জয়ত্রীর গুঁড়া: আধা চা-চামচ
  • লবণ: স্বাদমতো
  • কেওড়া জল: ১ চা–চামচ
  • গোলাপজল: ১ চা-চামচ
  • ঘি: ৩ টেবিল চামচ

প্রণালী

১। প্রথমে একটি বড় পাত্রে গরুর কিমার সঙ্গে কাঁচা পেঁপেবাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

২। এরপর একে একে পেঁয়াজবাটা, আদা-রসুন বাটা, টক দই, কাঁচা মরিচবাটা, সব ধরনের গুঁড়া মসলা এবং পরিমাণমতো লবণ দিয়ে কিমা মসৃণভাবে মেখে নিতে হবে।

৩। সবশেষে, মাখানো কিমাতে কেওড়া জল ও গোলাপজল মিশিয়ে পাত্রটি ঢেকে কমপক্ষে ৬ ঘণ্টা বা সম্ভব হলে সারা রাত ফ্রিজে মেরিনেট করে রাখুন। এতে কাবাব নরম ও সুস্বাদু হবে।

৪। মেরিনেট করা কিমা থেকে লম্বাটে ও সামান্য চ্যাপটা আকারের কাবাব তৈরি করুন।

৫। একটি ভারী ফ্রাইপ্যানে ঘি গরম করে তাতে কাবাবগুলো দিন। খুব কম আঁচে ধীরে ধীরে কাবাবগুলো সেঁকতে থাকুন।

৬। কাবাবের দুই পাশ সোনালি বাদামি রং ধারণ করলে চুলা থেকে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু গরুর কাকোরি কাবাব।

Tags: recipe meat recipe beef meat cooking food