বহিরাগত থেকে 'তাল'-এর সাফল্য
রাহমান জানান, তামিল ইন্ডাস্ট্রি থেকে আসায় বলিউডে তিনি দীর্ঘদিন নিজেকে 'আউটসাইডার' বা বহিরাগত মনে করতেন। তাঁর কথায়, 'রোজা', 'বম্বে', 'দিল সে...'—এই তিনটি ছবির পরেও নিজেকে বহিরাগতই মনে হতো। তবে ১৯৯৯ সালের 'তাল' ছবিটি তাঁকে উত্তর ভারতের মানুষের কাছে পৌঁছে দেয়। তিনি স্মরণ করেন, পরিচালক সুভাষ ঘাই তাঁকে হিন্দি শেখার পরামর্শ দিয়েছিলেন। এর পরই তিনি উর্দু এবং পরে উচ্চারণের মিল থাকায় আরবি শেখেন। হিন্দি চলচ্চিত্রসংগীতের মূল ভাষা উর্দু হওয়ায় এটি তাঁকে সাহায্য করেছিল।
'গত আট বছরে ক্ষমতার পালাবদল হয়েছে'
নব্বইয়ের দশকে তামিল শিল্পীদের প্রতি বৈষম্য ছিল কি না—এই প্রশ্নে রাহমান বলেন, তখন তিনি সরাসরি এমন কিছু অনুভব করেননি। তবে সাম্প্রতিক সময় নিয়ে তাঁর মন্তব্যটি খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, 'গত আট বছরে মনে হয় একটা ক্ষমতার পরিবর্তন হয়েছে। এখন ক্ষমতায় আছেন এমন মানুষ, যারা সৃজনশীল নন। বিষয়টা হয়তো সাম্প্রদায়িকও হতে পারে… তবে সেটা আমার ওপর এসে পড়েনি।'
তিনি কানাঘুষা শোনেন যে মিউজিক কোম্পানিগুলো তাঁর বদলে একাধিক নতুন সুরকারকে নিচ্ছে। এতে তাঁর পরিবারকে সময় দেওয়ার সুযোগ হচ্ছে বলে তিনি জানান।
কাজ খুঁজতে আগ্রহী নন শিল্পী
এ আর রাহমান আরও যোগ করেন, তিনি কাজের পেছনে ছোটাছুটি করতে আগ্রহী নন। তাঁর বিশ্বাস, 'আমি কাজ খুঁজতে চাই না। কাজ আমার কাছে আসুক—আমার সততা দিয়েই কাজ আসুক। আমি যতটুকু প্রাপ্য, ততটুকুই পাই,' বলেন তিনি।
আসন্ন প্রকল্পসমূহ
আগামী দিনগুলোতে এ আর রাহমানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ মুক্তির অপেক্ষায়। এর মধ্যে রয়েছে বিজয় সেতুপতি অভিনীত 'গান্ধী টকস', যা ৩০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়াও নীতেশ তিওয়ারির বহুল আলোচিত 'রামায়ণ' ছবির সংগীতে কাজ করছেন তিনি। এই প্রকল্পে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন গ্র্যামি–জয়ী সুরকার হ্যান্স জিমার। রণবীর কাপুর অভিনীত ছবিটি ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।