• জাতীয়
  • রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

জাতীয় ১ মিনিট পড়া
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পথশিশুসহ দুজন নিহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এর আগে শনিবার (১৭ জানুয়ারি) রাতে এসব দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) এমরান হোসাইন জানান, দনিয়া কলেজের সামনের রাস্তায় একটি ট্রাক আনুমানিক ১৩ বছর বয়সী এক শিশুকে চাপা দিয়ে চলে যায়।

পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ওই শিশুর নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, ১৩ বছরের নিহত শিশুটি ওই এলাকায় ঘোরাঘুরি করতো, মানে পথশিশু। সে ওই এলাকায় ভাঙারি কুড়াতো।

অন্যদিকে ঢাকা মহানগর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। ধারণা হচ্ছে, নিহতের বয়স আনুমানিক ৪০ বছর হবে।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রবিউল ইসলাম জানান, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার একটি ব্রিজের ওপরে দ্রুতগতির লেগুনা একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে ওই অটোরিকশাটি গিয়ে একটি ভ্যানে ধাক্কা দেয়।

এতে ভ্যানচালক ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ে যান। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, শিশুসহ দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Tags: নিহত রাজধানী পৃথক সড়ক দুর্ঘটনায়