মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি। এছাড়া অন্যান্য বাহিনীর সদস্যরাও সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন।
‘পোস্টাল ব্যালট পেপারে অনিয়ম, জামায়াতকে বিশেষ সুবিধা দেওয়া ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের’ অভিযোগে রোববার (১৮ জানুয়ারি) সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল।
তারা দিনভর সেখানেই অবস্থান নিয়ে নানা স্লোগান ও বক্তব্য দিচ্ছেন। এতে নির্বাচন ভবনের সামনে যান চলাচল একদম বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তার এক অংশ বন্ধ করে দিয়ে ব্যারিকেড বসিয়েছেন। সেখানে সেনা, বিজিবি, র্যাব, পুলিশ, আনসারের সদস্য সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, তাদের কর্মসূচি তিনটি বিষয়ে চলছে। পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।