সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে একটি ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ উন্মোচন করা হবে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পর্যায়ের সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
আশা করা যাচ্ছে, দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করবে। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে অধ্যাদেশটি সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় আছে উল্লেখ করে বলা হয়, জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়— এমন কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো যাচ্ছে।
এরপর সন্ধ্যায় সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ও হালনাগাদকৃত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫-এর খসড়ার ওপর অধ্যাদেশ জারির দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে একটি ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ উন্মোচন করা হবে। পাশাপাশি সাতটি ক্যাম্পাসে আরও পাঁচটি অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই মঞ্চ থেকে দেশবরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও অন্যান্য সুধীজনকে আকৃষ্ট করবেন। পাশাপাশি দেশবাসীকে দাবির যৌক্তিকতা বোঝানো হবে— কেন এখনই অধ্যাদেশ প্রয়োজন।
ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চটি আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত প্রতিটি ক্যাম্পাসে পালাক্রমে ভ্রমণ করবে। আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চ এবং সাত ক্যাম্পাসে স্থাপন করা অধ্যাদেশ মঞ্চ নিয়ে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এসে জমায়েত হবেন।