পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,আমাদের অন্তর্বর্তী সরকারকে শুধু নিয়মিত প্রশাসনিক কাজ করে একটি নির্বাচন আয়োজনের জন্য আনা হয়নি। আমরা তিনটি বড় এজেন্ডা নিয়ে কাজ করছি—সংস্কার, বিচার ও নির্বাচন।”
রোববার(১৮ জানুয়ারী) সন্ধ্যায় নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে রংপুর জেলা প্রশাসনে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচনের সবচেয়ে বড় স্টেকহোল্ডার রাজনৈতিক দল ও ভোটারেরা দীর্ঘদিন পর ভোট দেওয়ার জন্য উদ্দীপনার সঙ্গে প্রস্তুত। রাজনীতিবিদরাও প্রস্তুত, কারণ তারাও দীর্ঘদিন সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি। সরকার, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন—সবাই যখন প্রস্তুত, তখন আমি দৃঢ়ভাবে বলতে পারি আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।”
গণভোট প্রসঙ্গে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, জুলাই অভ্যুত্থান দীর্ঘদিনের ক্ষোভের পুঞ্জীভবন থেকে সৃষ্টি হয়েছে এবং এর মূল দাবি ছিল পরিবর্তন। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হলেও রাষ্ট্রীয় দমন-পীড়ন ও বর্বরতার কারণে ছাত্র-জনতার মধ্যে মৌলিক পরিবর্তনের দাবি জোরালো হয়। সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি জানান, সরকার সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে থেকে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ৬টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতেই ‘জুলাই সনদ’ প্রস্তুত করা হয়েছে।
তিনি বলেন, “এই জুলাই সনদ নিয়ে সপ্তাহ ও মাসব্যাপী সব বড় রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতেই গণভোটের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে। জুলাই সনদে যে কাঙ্ক্ষিত পরিবর্তনের সুপারিশ ছিল, সেগুলোই গণভোটের প্রশ্ন হিসেবে সন্নিবেশিত হয়েছে।”
গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে জুলাই অভ্যুত্থানের মূল চেতনার বাস্তবায়ন শুরু হবে উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, “এর মাধ্যমে জুলাই পরবর্তী সময়ে মানুষের মধ্যে যে পরিবর্তনের আশা তৈরি হয়েছিল, তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।”
এরপরে তিনি শিল্পকলা মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় যোগদান করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মজিদ আলী, বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ড. মো: মোফাকখারুল ইকবাল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
উল্লেখ্য: পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন; তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাসৈয়দা রিজওয়ানা হাসান দুইদিনের সফরে নীলফারী ও রংপুর জেলায় এসেছেন তিনি। আগামীকাল উপদেষ্টা তিনি সকাল ৯ টায় তিস্তা নদীর ভাঙ্গন প্রবণ এলাকা পরিদর্শন করবেন। পরে দুপুর আড়াইটায় মিনিটে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে গণভোট কার্যক্রমের র্যালিতে অংশ নিবেন তিনি