সাড়ে তিন বছর পর প্রত্যাবর্তনে ভক্তদের উচ্ছ্বাস
২০২২ সালের সেপ্টেম্বরে প্রকাশিত 'বর্ন পিংক'-এর পর ব্ল্যাকপিংক-এর নতুন কোনো অ্যালবাম আসছে। ভক্তদের মধ্যে এই প্রত্যাবর্তন নিয়ে আলোচনার ঝড় উঠেছে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এ বছর ব্ল্যাকপিংক-এর এক দশক পূর্তি হবে। ফলে তারা একটি পূর্ণাঙ্গ অ্যালবামের অপেক্ষায় ছিলেন। তাদের সর্বশেষ ইপি ছিল ২০১৯ সালের এপ্রিলে প্রকাশিত 'কিল দিস লাভ'।
'ডেডলাইন' অ্যালবামের বিশেষত্ব
অ্যালবামটির নাম 'ডেডলাইন' নেওয়া হয়েছে ব্ল্যাকপিংক-এর ২০২৫ সালের জুলাইয়ে ঘোষিত ওয়ার্ল্ড ট্যুর 'ডেডলাইন' থেকেই। এর আগে প্রকাশিত তাদের আলোচিত গান 'জাম্প'-ও এই অ্যালবামে অন্তর্ভুক্ত থাকবে। গানটি বিলবোর্ডের গ্লোবাল ২০০ তালিকার শীর্ষে ছিল এবং এটি শ্রোতাদের মুখে মুখে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
প্রকাশের তারিখ পেছানোয় ভক্তদের হতাশা
ওয়াইজি এন্টারটেইনমেন্ট (YG Entertainment) প্রথমে ঘোষণা দিয়েছিল, অ্যালবামটি ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত হবে। পরে তা তিন মাস পেছানোর ঘটনায় ভক্তদের মধ্যে কিছুটা হতাশা দেখা দেয়। তবে ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, মিউজিক ভিডিও নির্মাণসহ অ্যালবামের গুরুত্বপূর্ণ কাজ প্রায় শেষ।
'ডেডলাইন' ওয়ার্ল্ড ট্যুর
অ্যালবামের পাশাপাশি ব্ল্যাকপিংক-এর ওয়ার্ল্ড ট্যুর 'ডেডলাইন'-ও শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে ১৬টি শহরে মোট ৩৩টি শো অনুষ্ঠিত হয়েছে। ২৪ থেকে ২৬ জানুয়ারি হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে তাদের আরও তিনটি শো রয়েছে।