• বিনোদন
  • বলিউড কাঁপিয়ে শুরু, হারিয়ে যাওয়া সেই নায়িকা মিনিশা লাম্বা এখন কোথায়?

বলিউড কাঁপিয়ে শুরু, হারিয়ে যাওয়া সেই নায়িকা মিনিশা লাম্বা এখন কোথায়?

একসময় ‘পরবর্তী বড় তারকা’ হিসেবে বিবেচিত মিনিশা লাম্বা বলিউড থেকে সরে এখন ইন্টেরিয়র ডিজাইনার। জন্মদিনে তাঁর বলিউড যাত্রা ও বর্তমান জীবন নিয়ে বিশেষ আয়োজন।

বিনোদন ১ মিনিট পড়া
বলিউড কাঁপিয়ে শুরু, হারিয়ে যাওয়া সেই নায়িকা মিনিশা লাম্বা এখন কোথায়?

বলিউডে যাঁরা খুব দ্রুত জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন, আবার একই গতিতে আলো থেকে দূরেও সরে গেছেন, তাঁদেরই একজন মিনিশা লাম্বা। একসময় তাঁকে ঘিরে ছিল ‘পরবর্তী বড় তারকা’ হওয়ার আলোচনা। কিন্তু সময়ের সঙ্গে তাঁর জীবনের পথ বদলেছে, বদলেছে তাঁর পরিচয়ও। গত ১৮ জানুয়ারি ছিল অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু জানা–অজানা তথ্য।

দিল্লির মেয়ে, বলিউডের স্বপ্ন ১৮ জানুয়ারি ১৯৮৫, ভারতের দিল্লিতে জন্ম মিনিশা লাম্বার। তাঁর বাবা পাঞ্জাবি ও মা গুজরাটি—এই সাংস্কৃতিক মিশ্রণ মিনিশার ব্যক্তিত্বেও প্রভাব ফেলেছিল। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন মিনিশা। দিল্লির মিরান্ডা হাউস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। তখন তাঁর জীবনের লক্ষ্য ছিল সাংবাদিকতা বা গবেষণার মতো পেশা, কিন্তু ভাগ্য তাঁকে নিয়ে গিয়েছিল অন্য পথে।

হঠাৎ বদলে যাওয়া জীবনের মোড় কলেজে পড়ার সময় মিনিশার সৌন্দর্য ও আত্মবিশ্বাস নজর কাড়ে বিজ্ঞাপন নির্মাতাদের। হেয়ার অয়েল, গয়না ও পোশাকের বিজ্ঞাপনে কাজ শুরু করেন তিনি। বিজ্ঞাপনের ক্যামেরার সামনে দাঁড়িয়েই তিনি প্রথম অনুভব করেন, এই আলো ও লেন্স তাঁর কাছে অচেনা নয়। ২০০৫ সালে মুক্তি পায় মিনিশার প্রথম সিনেমা ‘ইয়াহান’। কাশ্মীরের পটভূমিতে তৈরি হওয়া প্রেম ও রাজনীতির এই গল্পে শহীদ কাপুরের বিপরীতে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়। বলিউডে তখন নতুন মুখের ভিড় থাকলেও, মিনিশা তাঁর স্বাভাবিক অভিনয় ও সংযত অভিব্যক্তির জন্য আলাদাভাবে নজর কাড়তে সক্ষম হয়েছিলেন।

সাফল্যের স্বাদ, জনপ্রিয়তার চাপ এরপর একের পর এক ছবিতে দেখা যায় মিনিশাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘বাচ্চা আয়ে হাসিনো’, ‘কিডন্যাপ’, ‘ভেজা ফ্রাই ২’ ইত্যাদি। বিশেষত ২০০৭ সালের ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’ ছবিতে তাঁর কমিক টাইমিং দর্শকদের কাছে খুবই পছন্দের হয়েছিল। আর ‘বাচ্চা আয়ে হাসিনো’ ছবিতে দীপিকা পাড়ুকোন ও বিপাশা বসুর মতো অভিনেত্রীদের ভিড়েও তিনি আলাদা করে চোখে পড়েছিলেন। তবে জনপ্রিয়তার সঙ্গে আসা চাপকে তিনি এড়াতে পারেননি। পরবর্তীতে একাধিক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, বলিউডে নায়িকাদের জন্য একটি নির্দিষ্ট ছাঁচ তৈরি করা থাকে, সেই ছাঁচে নিজেকে মানিয়ে নিতে না পারলে ধীরে ধীরে কাজ কমে আসে।

আলো থেকে সরে আসার সিদ্ধান্ত ও ব্যক্তিগত জীবন ২০১০ সালের পর থেকে বড় ব্যানারের ছবিতে মিনিশার উপস্থিতি কমতে শুরু করে। অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো তিনি হারিয়ে যাচ্ছেন। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ২০১৪ সালে তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস সিজন ৮’–এ অংশ নেন। এই শোয়ে তাঁর ব্যক্তিত্বের অন্য একটি দিক দর্শকের সামনে আসে—তিনি ছিলেন সংযত, স্পষ্টভাষী, কিন্তু অকারণে বিতর্ক তৈরি না করা একজন মানুষ। তবে বিতর্ক ও গসিপে আগ্রহ না থাকায় শোতে তিনি বেশি দিন টিকতে পারেননি। ২০১৫ সালে মিনিশা ব্যবসায়ী রায়ান থামকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন অভিনয় থেকে পুরোপুরি দূরে থাকার পর, ২০২০ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। এই বিচ্ছেদ নিয়ে তিনি কখনোই প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি; বরং এক সাক্ষাৎকারে বলেন, ‘জীবনের কিছু অধ্যায় চুপচাপ শেষ করাই ভালো।’ এই সংযমই মিনিশাকে বলিউডের চিরাচরিত গুঞ্জন–সংস্কৃতি থেকে আলাদা করে রেখেছে।

অভিনয়ের বাইরে নতুন পরিচয় অনেকেই জানেন না যে, অভিনয়ের পাশাপাশি মিনিশা একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার ও উদ্যোক্তা। বিয়ের পর থেকেই তিনি এই নতুন পেশায় মন দেন। তিনি নিজের ডিজাইন ফার্ম চালু করেন, যেখানে ঘর সাজানোর নান্দনিক ধারণাকে বাস্তবে রূপ দেন। মিনিশার ভাষায়, ‘অভিনয় আমার ভালোবাসা, কিন্তু ডিজাইন আমাকে শান্তি দেয়।’ খ্যাতির পেছনে না ছুটে নিজের পছন্দের জগৎ তৈরি করাই হয়তো মিনিশার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন।

বলিউডে ফেরার সম্ভাবনা? মাঝেমধ্যেই ভক্তদের মধ্যে প্রশ্ন জাগে, মিনিশা লাম্বা কি আবার বড় পর্দায় ফিরবেন? এই প্রশ্নের উত্তরে তিনি কখনোই সরাসরি ‘না’ বলেননি; বরং বলেছেন, ‘ভালো চরিত্র, ভালো গল্প পেলে অবশ্যই ফিরব।’ তবে বর্তমানে তিনি আগের মতো নিয়মিত কাজের দৌড়ে নেই। তিনি বদলে গেছেন এবং জীবনের এই নতুন অধ্যায়কে সানন্দে গ্রহণ করতে শিখেছেন। (হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া ডটকম অবলম্বনে)

Tags: hindi cinema bollywood star celebrity birthday minissha lamba