• দেশজুড়ে
  • শরীয়তপুরের মাহমুদপুরে শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শরীয়তপুরের মাহমুদপুরে শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দেশজুড়ে ১ মিনিট পড়া
শরীয়তপুরের মাহমুদপুরে শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান ঢালীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

রোববার (১৮ জানুয়ারি) মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা শেষে এ যোগদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।

প্রধান বক্তা ছিলেন- শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মুন্সীর সভাপতিত্বে এবং বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শাহিন ও মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আল আমিন মাদবরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, মোফাজ্জেল হোসেন ফকির, শাহ মো. আব্দুস সালাম, সদর উপজেলার সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবির, মাহমুদপুর ইউপির চেয়ারম্যান শাহজাহান ঢালী, চন্দ্রপুর ইউপির সাবেক চেয়ারম্যান ওমর ফারুক।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে সরদার একেএম নাসির উদ্দীন কালু ও সাঈদ আহমেদ আসলামের হাত ধরে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহজাহান ঢালীসহ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং এই অপূরণীয় ক্ষতির বেদনা যেন আল্লাহ সহজ করে দেন এ মর্মেও বিশেষ দোয়া করা হয়।

Tags: বিএনপি আ.লীগ নেতাকর্মী শতাধিক শরীয়তপুরের মাহমুদপুর যোগদান