• দেশজুড়ে
  • উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড

দেশজুড়ে ১ মিনিট পড়া
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্র ও ফায়ারসার্ভিস জানায়, ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্র (লার্নিং সেন্টার) থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পার্শ্ববর্তী শেড ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, “খবর পেয়ে ফায়ারসার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক তৎপরতা অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও শিখন কেন্দ্রসহ বেশ কয়েকটি অস্থায়ী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগেও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৬ ডিসেম্বর সকালে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে একটি হাসপাতাল পুড়ে যায়। এছাড়া ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আগুনে অন্তত ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টরা দ্রুত কার্যকর অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Tags: রোহিঙ্গা উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড