মনোনয়ন প্রত্যাহারের কারণ ডা. আব্দুল মোবিন ‘কালবেলা’কে নিশ্চিত করেন যে কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমি শপথের কর্মী। আমার কাছে দ্বিতীয় কিছু নেই। মতলব তথা দেশকে দেওয়ার ক্ষুধা আছে। যখনই যে পরিসরে যতটুকু সুযোগ আল্লাহ দান করেন মতলববাসীর সঙ্গে থাকব।”
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ফেসবুক পোস্টে ডা. আব্দুল মোবিন তার মাঠপর্যায়ের নেতাকর্মী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, মাঠে নেতাকর্মী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী যাদের ভাবনায় আমি শান্তি ও নিরাপত্তার প্রতীক তাদের সবার জন্য সশ্রদ্ধ সালাম, কৃতজ্ঞতা, ভালোবাসা। মতলবের মাটি ও মানুষ তার সন্তানের প্রতি যা কিছু উজাড় করে দিল তা জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।”
জোটের চূড়ান্ত প্রার্থী এলডিপির বিল্লাল হোসেন জামায়াতে ইসলামীর প্রার্থীর সরে দাঁড়ানোর পর চাঁদপুর-২ আসনে ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. বিল্লাল হোসেন মিয়াজীকে মনোনীত করা হয়েছে। তার প্রতীক হলো ‘ছাতা’।
এ বিষয়ে জোট মনোনীত প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজী (এলডিপি) বলেন, “১০ দলীয় জোট থেকে আমাকে চাঁদপুর-২ আসনে মনোনীত করছেন। সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।”