খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ বাড়িরটেক এলাকায় ওই কারখানায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে গোগনগর এলাকার প্লাস্টিকের দানা উৎপাদনকারী কারখানায় আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া স্টেশনের তিনটি, হাজীগঞ্জের দুটি এবং ফতুল্লার দুটিসহ মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’
তিনি আরও বলেন, ‘কারখানাটিতে পলিব্যাগ, হ্যাংগার, স্কচটেপসহ বিভিন্ন প্লাস্টিকজাত দ্রব্য প্রস্তুত করা হতো। ফলে ভেতরে প্লাস্টিকের কাঁচামাল ও দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা সম্ভব হবে।