সম্মানজনক 'Honourable Mention' লাভ
গত ১৫ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে ১৪তম নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (NAIFF) অনুষ্ঠিত হয়। এই উৎসবে বিশ্বের ২০টি দেশের মোট ৪৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল। বগুড়ার তরুণ নির্মাতা সাগর ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'নো ডাইস' উৎসবের 'Best International Short Film' বিভাগে সম্মানজনক 'Honourable Mention' অর্জন করে। আন্তর্জাতিক জুরি বোর্ড চলচ্চিত্রটির বিষয়বস্তুর গভীরতা, নির্মাণশৈলী এবং দার্শনিক উপস্থাপনার জন্য এটিকে বিশেষভাবে মূল্যায়ন করে।
'নো ডাইস'-এর মূল ভাবনা
নির্মাতা সাগর ইসলাম জানান, 'নো ডাইস' নির্মিত হয়েছে জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং মানব অস্তিত্বের মৌলিক প্রশ্নকে কেন্দ্র করে। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রতীকী ভাষার মাধ্যমে একটি নীরব বার্তা তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক এ স্বীকৃতি পাওয়ায় তিনি আয়োজক ও জুড়িবোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সততা ও দায়বদ্ধতার সঙ্গে গল্প বলার অনুপ্রেরণা পাবেন বলে উল্লেখ করেন।
অন্যান্য বাংলাদেশি চলচ্চিত্রের সাফল্য
এবারের নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের আরও দুটি চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে। এর মধ্যে স্বনামধন্য খন্দকার সুমন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'সাঁতাও' 'Best International Film' ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। এছাড়া, শায়লা রহমান তিথী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ঝরাপাতার চিঠি' 'Best Women Film' ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে।
বিদেশে 'নো ডাইস'-এর আরও স্বীকৃতি
নেপাল ছাড়াও সাগর ইসলামের 'নো ডাইস' চলচ্চিত্রটি ইতিপূর্বে ইতালিতেও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। উল্লেখ্য, নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়া ও আফ্রিকার চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।