• রাজনীতি
  • ১২ ফেব্রুয়ারি জামায়াতের ভূমিধস বিজয় হবে: ব্যারিস্টার আরমান

১২ ফেব্রুয়ারি জামায়াতের ভূমিধস বিজয় হবে: ব্যারিস্টার আরমান

রাজনীতি ১ মিনিট পড়া
১২ ফেব্রুয়ারি জামায়াতের ভূমিধস বিজয় হবে: ব্যারিস্টার আরমান

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ভূমিধস বিজয় হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৪ আসনের দশ-দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-২ নম্বরের সাত নম্বর ওয়ার্ড এলাকায় নিজের নির্বাচনি প্রচারণার ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। ক্যাম্প উদ্বোধন শেষে তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন এবং ভোটারদের কাছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার আরমান বলেন, দেশের মানুষ এখন কালো টাকা ও পেশিশক্তি মুক্ত একটি মেধাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চায়। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই ভোটাররা ব্যালটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাই করবেন।

তিনি বলেন, গতকাল রাত ১২টা ১ মিনিট থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় নির্বাচনি প্রচারণার ক্যাম্প চালু করছি এবং জনগণের কাছে যাচ্ছি। মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা আশা করছি, ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি ভূমিধস বিজয় হবে।

সততা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষ এমন জনপ্রতিনিধি চায় যাকে টাকা দিয়ে কেনা সম্ভব নয়। জামায়াতে ইসলামী সেই ওয়াদা করছে যে কোনও প্রলোভন বা বিপদেও তাদের আদর্শ বিচ্যুত করা যাবে না।

জামায়াতের এই নেতা বলেন, আমাদের আদর্শ হচ্ছে আমরা আল্লাহকে ভয় করি এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশেই আমাদের সব কার্যক্রম। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না।

Tags: বিজয় ভূমিধস ফেব্রুয়ারি জামায়াত ব্যারিস্টার আরমান