• রাজনীতি
  • তারেকের সমালোচনায় নাহিদ: ‘বস্তিবাসী ফ্ল্যাট নয়, নিরাপদ জীবন চায়’

তারেকের সমালোচনায় নাহিদ: ‘বস্তিবাসী ফ্ল্যাট নয়, নিরাপদ জীবন চায়’

রাজনীতি ১ মিনিট পড়া
তারেকের সমালোচনায় নাহিদ: ‘বস্তিবাসী ফ্ল্যাট নয়, নিরাপদ জীবন চায়’

"একদিকে তারা কার্ড দেওয়ার কথা বলছে, আরেক দিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিচ্ছে,” বলেন এনসিপি প্রধান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘ফ্যামিলি কার্ডের প্রুতিশ্রুতির’ সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার বিকালে মিরপুর ১০ এ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনি সমাবেশে তিনি বলেছেন, "বস্তিবাসী ফ্ল্যাট চায় না, তারা চায় নিরাপদ জীবন, যা বস্তিতে থেকেও সম্ভব। অতীতে যারা বস্তিবাসীকে ফ্ল্যাট দিতে চেয়েছেন, তারা নির্বাচনের পর তাদের উচ্ছেদ করতে নেমেছেন।"

"বস্তিবাসী এসব মিথ্যা আশ্বাস এখন বুঝতে পারে। তারা ফ্ল্যাটের আশায় নয়, দেশের স্বার্থে ন্যায়ের পক্ষে ভোট দেবে।"

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীও।

এদিন বিকাল ৫টায় জামায়াত আমিরের বক্তব্য শুরুর আগে কথা বলেন নাহিদ ইসলাম। বক্তব্যের শুরুতেই জামায়াত আমিরকে ‘১০ দলীয় জোটের প্রধান কাণ্ডারি’ হিসেবে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমিরকে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সেনানি’ এবং ‘কারা নির্যাতিত মজলুম নেতা’ হিসেবেও সম্মোধন করেন নাহিদ।

পরে নিজের বক্তব্যের মাঝখানে বিরতি নিয়ে জামায়াতের আমির তার দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন এনসিপি প্রধানের হাতে।

শফিকুর রহমান বলেন, "আমি ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি, এতে কলিও আছে।" নাহিদ ইসলাম হাসিমুখে তা হাতে নিয়ে মঞ্চে নিজের আসনে গিয়ে বসেন। এরপর আমির আরো কয়েকজনের হাতে দলীয় প্রতীক তুলে দেন।

মঙ্গলবার বিকালে ঢাকার মহাখালীতে টিঅ্যান্ডটি কলোনির মাঠে খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সেখানে নিজের নির্বাচনি আসনের (ঢাকা-১৭) জন্য কড়াইল বস্তিবাসীর কাছে দোয়া চান তিনি। সঙ্গে বস্তিবাসীর জীবনমান উন্নয়নে ফ্ল্যাট ও ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ রহম করলে আপনারা এখানে যে থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমাধান করতে চাই। এখানে উুঁচ উুচু বড় বড় ভবন করে দিতে চাই। এখানে যে মানুষগুলো থাকেন, তাদের নাম রেজিস্ট্রি করে তাদের প্রত্যেকের নামে আমরা ফ্ল্যাট দিতে চাই।”

বিএনপি চেয়ারম্যান সেদিন বলেন, ‘‘আজ এখানে হাজার হাজার মা-বোন বসে আছেন। সারাদেশে মা-বোনেরা কষ্টের মধ্যে আছেন। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন আমরা সেই মা-বোনদের জন্য, তারা যাতে স্বচ্ছলভাবে চলতে পারেন, তাদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। কৃষকদের জন্য কৃষক কার্ড দিতে চাই।”

তারেক রহমানের সেদিনের বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, "যে ২ থেকে ৩ হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বিএনপি বলছে, তা কারা পাবেন? যাদের প্রয়োজন তারা পাবেন কি, নাকি ২ হাজার টাকার কার্ড পেতে এক হাজার টাকা ঘুষ দিতে হবে?

"একদিকে তারা কার্ড দেওয়ার কথা বলছেন, আরেক দিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিচ্ছে। যাদের মনোনয়ন দেওয়া হচ্ছে, তারা তো আবার ক্ষমতায় গিয়ে লুট করবে। জনগণের টাকা মেরে খাবে, এমন ব্যক্তিদেরই নমিনেশন দিয়েছে দলটি।"

এনসিপি আহ্বায়ক বলেন, "নির্বাচন সুষ্ঠু হতে হবে। অন্য কোনও প্ল্যান কাজে আসবে না। নির্বাচন কমিশনকে স্বচ্ছ থাকতে হবে।"

তিনি দাবি করেন, “কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। আমরা নির্বাচন কমিশনকে স্বরণ করিয়ে দিতে চাই, আমরা মাঠে আছি। কোনো অন্যায় সহ্য করা হবে না।”

বক্তব্যের শেষ দিকে গণভোটের বিষয়ে নাহিদ বলেন, “এবারের নির্বাচন কেবল প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন নয়। একটি গণভোটও আছে। আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেব। বৈষম্য, চাঁদাবাজি, অন্যায়, জুলুম ও আধিপত্যবাদকে না বলব।”

ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ বলেন, “আমরা যে লক্ষ্য নিয়ে আন্দোলন করেছিলাম, সেই লক্ষ্য অনেকাংশেই ব্যর্থ হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করে আমরা সেই আন্দোলনকে বিজয়ের উল্লাসে রূপান্তর করব।”

সমাবেশে অন্যদের মধ্যে জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসাইন, ঢাকা-১৪ আসনের প্রার্থী মীর আহমদ বিন কাশেম, ঢাকা-১৬ আসনের প্রার্থী আব্দুল বাতেন, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বক্তব্য দেন।

Tags: তারেকের সমালোচনায় নাহিদ: ‘বস্তিবাসী ফ্ল্যাট নয় নিরাপদ জীবন চায়’