বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, আশা ছাড়ছেন না তারা। বিষয়টি নিয়ে আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। তাতে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের দাবি জানিয়ে বিষয়টি আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত কমিটিতে (ডিআরসি) পাঠানোর অনুরোধও করা হয়েছে।
দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেন্যু পরিবর্তনের অনুরোধটি ডিআরসিতে পাঠাতে আইসিসির কাছে বিসিবি আরেকটি চিঠি দিয়েছে।
আইসিসির ওই কমিটি একটি স্বাধীন সালিশি সংস্থা- যা আইসিসি, সদস্য বোর্ড, খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করে। সাধারণত অভ্যন্তরীণ সব প্রক্রিয়া শেষ হয়ে গেলে এই কমিটি হস্তক্ষেপ করে। স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি আইসিসি–সংক্রান্ত বিভিন্ন বিরোধ নিষ্পত্তি করে। বিসিবির আশা, আইসিসি তাদের অনুরোধে সাড়া দিয়ে ভেন্যু পরিবর্তনের দাবি ওই কমিটি (ডিআরসি) তে পাঠাবে।
বুধবার বোর্ড সভার পর বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করে টুর্নামেন্টের সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয় আইসিসি। পাশাপাশি, বাংলাদেশ দল টুর্নামেন্ট খেলতে ভারতে যাবে কিনা—সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে বিসিবিকে ২৪ ঘণ্টার সময়সীমাও বেঁধে দেয়।
আইসিসির সিদ্ধান্তের পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে বোর্ড লড়াই চালিয়ে যাবে। শ্রীলঙ্কায় খেলার জন্য হাল ছাড়বে না তারা। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি।