• খেলা
  • বয়কটের হুমকি দিয়েও বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান

বয়কটের হুমকি দিয়েও বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান

খেলা ১ মিনিট পড়া
বয়কটের হুমকি দিয়েও বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান

নাটকীয় মোড় নিল পাকিস্তান ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে একদিন আগেই যারা বিশ্বকাপ বয়কটের হুঙ্কার দিয়েছিল, সেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করে দিয়েছে।

বয়কটের গুঞ্জনকে পাশ কাটিয়ে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল চূড়ান্ত করেছে তারা।

পাকিস্তানের ঘোষিত এই বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে বড় চমক অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের অনুপস্থিতি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দল ঘোষণার সময় নির্বাচক আকিব জাভেদ ও প্রধান কোচ মাইক হেসন জানান, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় রিজওয়ানকে দলের বাইরে রাখা হয়েছে। তার পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন খাজা নাফি, সাহিবজাদা ফারহান ও উসমান খান। সব জল্পনার অবসান ঘটিয়ে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে সালমান আলি আগাকে। প্রথমবারের মতো কোনো মেগা ইভেন্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন তিনি।

দলে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং শাদাব খানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা থাকলেও নেতৃত্বের ভার পড়েছে সালমানের কাঁধেই। দলে নতুনদের মধ্যে ফাহিম আশরাফ, উসমান তারিক ও সালমান মির্জার মতো ক্রিকেটাররা জায়গা পেয়েছেন। শনিবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি যখন আইসিসির ‘দ্বৈত নীতি’ নিয়ে সরব হয়েছিলেন এবং পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, তখন অনেকেই ভেবেছিলেন পাকিস্তান হয়তো বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে। আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করার পর সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছিল।

তবে রোববার স্কোয়াড ঘোষণা করে পিসিবি বুঝিয়ে দিল, তারা শেষ পর্যন্ত আসরে অংশ নিচ্ছে। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষগুলো হলো ভারত, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের ঠিক আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।