এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান এবং ভারতের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলকে স্বাগত জানান।
গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ভারতীয় হাইকমিশন এই অনুষ্ঠানের আয়োজন করে। জামায়াতের প্রচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।
জানা গেছে, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মানু ভার্মার আমন্ত্রণে অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা।