• দেশজুড়ে
  • ঝালকাঠিতে কলেজের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ

ঝালকাঠিতে কলেজের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ

দেশজুড়ে ১ মিনিট পড়া
ঝালকাঠিতে কলেজের নাম পরিবর্তনের দাবিতে  শিক্ষার্থীদের  মানববন্ধন ও সড়ক অবরোধ

ঝালকাঠি সংবাদদাতা

ঝালকাঠির আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে ‘বাসন্ডা কলেজ’ করায় প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। সোমবার (২৬ জানুয়ারি ) দুপুরে ঝালকাঠি শহরের বরিশাল খুলনা মহাসড়কের পশ্চিম ঝালকাঠি কলেজের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, কলেজটির নাম ‘ঝালকাঠি ডিগ্রি কলেজ’ হিসেবে নামকরণ করতে হবে। তাঁদের যুক্তি, বাসন্ডা একটি ইউনিয়নের নাম; একটি জেলার গুরুত্বপূর্ণ ডিগ্রি কলেজের নাম ইউনিয়ন ভিত্তিক হওয়া গ্রহণযোগ্য নয়। একপর্যায়ে সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় শিক্ষার্থীরা ওসির কাছে স্পষ্ট করে জানান, জেলা প্রশাসক এ বিষয়ে সিদ্ধান্ত নিলে তবেই তাঁরা আন্দোলন প্রত্যাহার করবেন।

পরিস্থিতি শান্ত রাখতে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি ) ইমতিয়াজ আহমেদ আন্দোলনরত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সান্তনা দিয়ে তাদেরকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে রওনা হন। পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে—এই আশ্বাসের ভিত্তিতেই আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।

Tags: সড়ক অবরোধ ঝালকাঠিতে কলেজ