ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণ ভোজের আয়োজন করায় টাঙ্গাইল বিএনপির প্রার্থী ও জামায়াত কর্মীদের ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। বুধবার রাতে টাঙ্গাইল -৮ (বাসাইল-সখীপুর) আসন ও টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর আসনে পৃথকভাবে এ জরিমানা করা হয়।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপি'র প্রার্থী আহমেদ আযম খানের কর্মী-সমর্থকরা সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের উত্তর আড়াইপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণার পথসভাকে কেন্দ্র করে খাবার রান্না করে গনভোজের করেছিলেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন্নাহার শীলা ২৫ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে বুধবার রাতে টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনে দেলদুয়ার উপজেলার দুল্যা বাজার এলাকায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে খিচুড়ির আয়োজন করে জামায়াত ইসলামীর লোকজন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় জব্দ করা খিচুড়ি স্থানীয় এতিমখানায় বিতরণের নির্দেশ দেন।