২০ বছর পরে নির্বাচনী জনসভায় যোগ দিতে রংপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।এদিকে বিএনপি চেয়ারম্যানের সফর উপলক্ষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ অবহেলিত রংপুরের উন্নয়নে ১২ টি দাবি জানিয়েছে রংপুর বিভাগের বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২.৩০ টায় রংপুর চেম্বার অব কমার্স ভবনে আয়োজিত জনসভায় এবিষয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু।
এসময় আসাদুল হাবীব দুলু বলেন, দীর্ঘ ২০ বছর পরে রংপুরে আসছেন তারেক রহমান। শুক্রবার বিকাল ৩.৪৫ টায় পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বিকাল ৪.৩০ মিনিটে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশে যোগ দিবেন তারেক রহমান। এই জনসভা রংপুরের উন্নয়নের জন্য বার্তা নিয়ে আসবে। বিএনপির পক্ষে এ অঞ্চলে যে গনজাগরণ তৈরি হয়েছে। এই জনসভায় তার প্রতিফলন হবে। জনসভার স্থল ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠ ছাপিয়ে পুরো রংপুর শহরেই জনসমুদ্রে রুপান্তরিত হবে। বৃহত্তর রংপুর সব সময় উন্নয়ন বঞ্চিত হয়েছে। আমরা আশা করছি আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে এই বৈষম্য কেটে যাবে এবং একটি উন্নয়নের ধারায় রংপুর যুক্ত হবে।
তিনি বলেন, আমাদের পক্ষ থেকে বেশকিছু দাবি পার্টির চেয়ারম্যানের কাছে পাঠিয়েছি। ১.তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।২.লালমনিরহাট ও ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করতে হবে। ৩.রংপুরে ভারী শিল্প স্থাপন ও গ্যাস সংযোগ দিতে হবে। ৪.কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প করতে হবে। ৫. পর্যটনশিল্প আধুনিক করতে হবে। ৬.দক্ষ ও মানবসম্পদ প্রযুক্তি কেন্দ্র স্থাপন করতে হবে। যেনো আমরা জনশক্তি বাহিরে পাঠাতে পারি। ৭.রংপুর বিভাগের প্রতিটি জেলায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে হবে। ৮. বিদেশী বিনিয়োগকারীদের মাধ্যমে বড় বড় বহুজাতিক কারখানা স্থাপন করতে হবে। ৯.রংপুর বিভাগের প্রতিটি জেলার সমন্বয়ে এশিয়ান হাইওয়ে তৈরি করতে হবে। ১০.রংপুর বিভাগের বন্ধ হয়ে যাওয়া স্থলবন্দরগুলো চালুকরণ ও আধুনিকায়ন করতে হবে। ১১.রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলায় শিক্ষা ও স্বাস্থ্য আধুনিকায়ন করতে হবে। ১২.শহীদ আবু সাঈদের নামে একটি বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
আসাদুল হাবীব দুলু বলেন, জনসভায় রংপুর বিভাগের ৩৩ আসনের প্রার্থীরা আসবে। তাদের সঙ্গে নেতাকর্মীরাও আসবে। নির্বাচনে জয়ের বিষয়ে তিনি বলেন,জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে। জনগণ বিএনপিকেই বেছে নিবে।
এদিকে সংবাদ সম্মেলন শেষে রংপুর জেলার ৬ টি আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ও জেলা এবং মহানগরীর নেতাকর্মীদের সাথে নিয়ে সমাবেশস্থল রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ পরিদর্শন করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু।