• দেশজুড়ে
  • শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে দুই ফেরি বিকল, দুর্ভোগে শত শত যাত্রী ও যানবাহন

শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে দুই ফেরি বিকল, দুর্ভোগে শত শত যাত্রী ও যানবাহন

দেশজুড়ে ১ মিনিট পড়া
শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে দুই ফেরি বিকল, দুর্ভোগে শত শত যাত্রী ও যানবাহন

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে দুটি ফেরি হঠাৎ বিকল হয়ে পড়ায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যানবাহন পারাপার। মেঘনা নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে অন্তত চার শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে মোট চারটি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হয়ে থাকে। গত বুধবার ২৮ জানুয়ারি দুপুরের পর হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে ফেরি কস্তুরি ও কলমি লতা বিকল হয়ে পড়ে। এতে রুটে ফেরির সংখ্যা অর্ধেকে নেমে আসে এবং যানবাহন পারাপারে তীব্র সংকট দেখা দেয়।

ফেরি চলাচল ব্যাহত থাকায় শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাট ও চাঁদপুর প্রান্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা পণ্যবাহী যানবাহন আটকে থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

বিআইডব্লিউটিসি জানায়, বিকল হয়ে পড়া ফেরি দুটি মেরামতের জন্য ইতোমধ্যে ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। সংকট নিরসনে ভোলা ফেরিঘাট থেকে কাবেরী নামের একটি অতিরিক্ত ফেরি শরীয়তপুর–চাঁদপুর ঘাটের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তবে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি সংস্থাটি।

নরসিংহপুর ফেরিঘাটের টার্মিনাল সুপারিনটেনডেন্ট রাসেল হোসেন বলেন, চারটি চলমান ফেরির মধ্যে দুটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে গত দুই দিন ধরে বন্ধ রয়েছে। ফলে উভয় প্রান্তে বিপুল সংখ্যক যানবাহন আটকে আছে। ত্রুটি সমাধানে কাজ চলছে। আশা করছি দ্রুতই ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এদিকে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই নৌরুটে প্রায়ই ফেরি বিকলের কারণে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের দুর্ভোগ পোহাতে হয়। আধুনিক ও পর্যাপ্ত সংখ্যক ফেরি সংযোজন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান করার দাবি জানান তারা।

Tags: যাত্রী দুর্ভোগ শরীয়তপুর–চাঁদপুর নৌরুট ফেরি বিকল শত শত যানবাহন