• দেশজুড়ে
  • হান্নান মাসউদের নির্বাচনি পথসভায় হামলা, আহত ৩

হান্নান মাসউদের নির্বাচনি পথসভায় হামলা, আহত ৩

দেশজুড়ে ১ মিনিট পড়া
হান্নান মাসউদের নির্বাচনি পথসভায় হামলা, আহত ৩

নোয়াখালীর হাতিয়ায় ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নির্বাচনি পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন জন আহত হয়েছেন।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে অনুষ্ঠিত পথসভায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তালতলা বাজারে দলের আয়োজিত নির্বাচনি পথসভায় আবদুল হান্নান মাসউদের বক্তব্য চলাকালে বিএনপির কর্মী-সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর হামলা চালানো হয়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় তমরদ্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে দিদার উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেনের ছেলে সম্পদসহ তিন জন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, এর আগের দিন শুক্রবার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন হাছান ও তমরদ্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহেরসহ তাদের অনুসারীরা তালতলা বাজারে এনসিপির নির্বাচনি অফিস ভাঙচুর করেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক শামছুল তিব্রিজ বলেন, ‘নির্বাচনি পরিবেশ নষ্ট করা এবং ভোটকেন্দ্র দখল ও ভোট কারচুপির উদ্দেশ্যেই বিএনপি পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালাচ্ছে। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার খবর শুনে তাৎক্ষণিক সেখানে নৌ বাহিনী, পুলিশ ও ম্যাজিস্ট্রেট যান। কারা এই হামলা করেছে এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি। আজকের হামলা অনেকটা চোরাগোপ্তাভাবেই হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tags: নির্বাচন হান্নান মাসউদ পথসভায় হামলা আহত ৩