• বিনোদন
  • সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!

সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!

বিনোদন ১ মিনিট পড়া
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!

প্রশংসিত নির্মাতা প্রবীর রায় চৌধুরী বছর তিনেক আগে একটি চিত্রনাট্য লেখেন।

লেখা শেষে গল্পের যে বিস্তৃতি ও গভীরতা দাঁড়ায়, তাতে খানিক থমকে দাঁড়ান। কারণ, এই চিত্রনাট্য ঠিকঠাক টিভি পর্দায় তুলতে হলে অন্তত ৩০ লাখ টাকার একটা বাজেট লাগবে। এর কমে সম্ভব না।

যেই ভাবনা সেই কাজ। চিত্রনাট্যটি আলগোছে তুলে রাখেন অন্দরে। পরিকল্পনা করেন, এটি নিয়ে তিনি আসলে সিনেমাই বানাবেন। কারণ, নাটকের জন্য এতো বাজেট তিনি কোথাও পাবেন না। অবশেষে সুখবর এলো। সেই তুলে রাখা সিনেমার চিত্রনাট্যটি পাচ্ছে প্রাণ। উঠতে যাচ্ছে পর্দায়। বাজেট পেয়েছেন তার চাওয়া মতোই, ৩০ লাখ! আর নায়ক-নায়িকা হিসেবে নিয়েছেন জোভান ও তটিনীকে। তবে এটি সিনেমা হচ্ছে না, হচ্ছে নাটকই! বড়জোর টেলিছবি নামে ডাকলেও ডাকা যেতে পারে। এমনটাই জানালেন নির্মাতা প্রবীর।

‘প্রিয় নামে ডেকো’ নামের এই নাটকের শুটিং চলছে গত কয়েকদিন ধরে। নির্মাতার সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন আহমেদ তাওকীর।

নির্মাতা জানান, আসন্ন ঈদুল ফিতরে একটি বেসরকারি টিভিতে প্রচার হবে এটি। নাটকটি প্রসঙ্গে প্রবীর রায় চৌধুরীর বলেন, ‘এখন নাটকের দর্শক অনেক বেড়েছে। আমাদের ভালো ভালো গল্পে কাজ হচ্ছে। এ কারণে প্রায় ৩০ লাখ বাজেট দিয়ে কাজটি করছি, শুটিং করতে হচ্ছে সাত দিনে। সিনেমা করলে হয়তো এই গল্পে আরও বাজেট বাড়িয়ে পনেরো দিনে শুটিং করতাম। কিন্তু নাটকের জন্য এই বাজেট সত্যিই অসাধারণ। মানে আমি আমার গল্পটা মনের মতো করে বলতে পারছি এখন। যেটা তিন বছর আগে কল্পনাও করিনি।

নাটকটিকে যুক্ত হওয়া প্রসঙ্গে জোভান বলেন, ‘২০১৭/১৮ সালেও একলাখ ৬০ হাজার বাজেটে নাটক করেছি। এখন সেই বাজেট ৩০ লাখ ছাড়িয়েছে। আমি মনে করি, আমাদের নাটক ইন্ডাস্ট্রির সবার জন্য এটা বড় অর্জন এবং ব্লেসিং।

Tags: সিনেমা চিত্রনাট্য নাটক নির্মাণ