ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে উদ্বুদ্ধ করতে সংস্থাটি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
আজ রবিবার (১ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। দুদক জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে তারা জনস্বার্থে টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি), টিভি স্ক্রল এবং দেশব্যাপী বিলবোর্ডের মাধ্যমে দুর্নীতিবিরোধী বার্তা প্রচার করবে। মূলত তরুণ ভোটারদের লক্ষ্য করে এবং সাধারণ মানুষের নৈতিক ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে জনসচেতনতা বাড়াতে দুদক প্রধানত তিনটি স্লোগান ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। স্লোগানগুলো হলো— “দেশকে ভালোবাসুন, নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন”; “দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট”; “সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করি, সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।”
দুদক মনে করে, সুশাসন, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের জন্য একটি দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করা অপরিহার্য। আর এই লক্ষ্য অর্জনে যোগ্য প্রার্থী নির্বাচন করার কোনও বিকল্প নেই। সচেতন ও দায়িত্বশীল ভোটাররাই পারে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে।
সংস্থাটির সহকারী পরিচালক জানান, দেশের প্রতিটি জেলায় বিলবোর্ড স্থাপনের কাজ শুরু হয়েছে। নির্বাচনকালীন সময়ে ভোটারদের মাঝে দুর্নীতিবিরোধী মূল্যবোধ জোরালো করাই এই প্রচারণার মূল উদ্দেশ্য।