• দেশজুড়ে
  • ‎গাজীপুরে নির্বাচনী নিরাপত্তায় আনসার-ভিডিপির প্রস্তুতি সমাবেশ

‎গাজীপুরে নির্বাচনী নিরাপত্তায় আনসার-ভিডিপির প্রস্তুতি সমাবেশ

দেশজুড়ে ১ মিনিট পড়া
‎গাজীপুরে নির্বাচনী নিরাপত্তায় আনসার-ভিডিপির প্রস্তুতি সমাবেশ

‎ গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতি সমাবেশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। নির্বাচনে জেলার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১২ হাজার আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

‎শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের জয়দেবপুর শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজিত এই প্রস্তুতিমূলক সমাবেশে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যরা অংশ নেন।

‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

‎এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ভিডিপি সদস্যদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের সহায়তা প্রদান, শৃঙ্খলা বজায় রাখা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

‎মহাপরিচালক বলেন, নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব। এ জন্য পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

‎তিনি জানান, গাজীপুর জেলার নির্বাচনি এলাকায় প্রায় ১২ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে এবং নির্বাচনকালীন সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।