নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যদি কোনও ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার অপচেষ্টা করা হয়, তাহলে সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনারের পরিণতির কথা স্মরণ রাখবেন। তার গলায় জুতার মালা ছিল, আপনার গলায় কোন মালা থাকবে, তা আপনি কল্পনাও করতে পারবেন না।’
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড় উচ্চবিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শেষ করেছেন এই প্রার্থী।
সারজিস আলম বলেন, ‘আগামীর বাংলাদেশে ১১ দলীয় জোট জয়ী হলে নারীরা যাতে দিনে-রাতে অবাধে চলাফেরা করতে পারেন, সে ব্যবস্থা করবো আমরা। মাদকাসক্ত ও বখাটেমুক্ত পরিবেশ গড়ে তুলবো। এই নির্বাচনে যদি বিএনপি পরাজিত হয় তাহলে বিএনপির নিরপরাধ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবো।’ এ সময় পঞ্চগড়ে আগামী দিনে উন্নয়ন নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
জেলা এনসিপির আহ্বায়ক জুলফিকার আলীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন ও এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ প্রমুখ। এর আগে বিকাল ৩টা থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শাপলা কলি মার্কার ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে উচ্চবিদ্যালয় মাঠে জড়ো হন নেতাকর্মীরা।