বিগত ১৫ বছরের রাজনৈতিক টানাপোড়েন এবং ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রার এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আজ মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর বিকালেই অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী আয়োজন চিরাচরিত প্রথা ভেঙে এবার বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, সকাল ১০টায় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এরপর বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় ১ হাজার ২০০ অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে।
তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সম্ভাব্য মুখ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে এককভাবে ২০৯টি আসন পেয়ে ক্ষমতায় ফিরছে বিএনপি। নতুন এই মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে দেশজুড়ে ব্যাপক কৌতূহল বিরাজ করছে। দলীয় সূত্র অনুযায়ী, অভিজ্ঞ ও নবীনের সমন্বয়ে একটি দক্ষ টিম গঠন করতে কাজ করছেন তারেক রহমান। মন্ত্রিসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, সালাহউদ্দিন আহমদের মতো জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জোনায়েদ সাকি এবং নুরুল হক নুরের মতো তরুণ ও জোট শরিক নেতাদের নামও আলোচনায় রয়েছে।
স্মৃতিতে ফিরছে ১৯৭৯ ও ১৯৯১ সাল তারেক রহমানের প্রধানমন্ত্রিত্বে এই যাত্রা অনেকের মনে ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার শপথ গ্রহণের স্মৃতি জাগিয়ে তুলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ দেড় দশকের আন্দোলন এবং জুলুম-নির্যাতনের পর বিএনপির এই ক্ষমতায় প্রত্যাবর্তন দলটির জন্য যেমন বড় জয়, তেমনি রাষ্ট্র সংস্কারের এক বিশাল চ্যালেঞ্জও।
আগামীর অগ্রাধিকার: স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য নতুন সরকারের মূল লক্ষ্য হবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি পুনর্গঠন করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই হবে তাদের প্রধান অগ্রাধিকার। ব্যবসায়ী ও সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে শুরুতেই কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করছেন বিশিষ্টজনরা।