দেশের উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) উপ-প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা। মঙ্গলবার সকালে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)। আইকিউএসি’র সেমিনার কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ১০০ জন পিএইচডিধারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক রূপান্তরকে ত্বরান্বিত করাই ছিল এ প্রশিক্ষণের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। দিনব্যাপী প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর হিট প্রকল্পের উইং ম্যানেজার (গবেষণা সমন্বয় বিশেষজ্ঞ) প্রফেসর ড. মোহাম্মদ মনিনুর রশিদ। স্বাগত বক্তব্যে প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, “গবেষণায় মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে দক্ষ প্রস্তাবনা লিখনশৈলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ আমাদের শিক্ষক-গবেষকদের সক্ষমতা আরও দৃঢ় করবে।” প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর বলেন, “উচ্চশিক্ষায় টেকসই পরিবর্তন আনতে হলে উদ্ভাবনী গবেষণা ও মানসম্পন্ন প্রকল্প বাস্তবায়নের বিকল্প নেই। এটিএফের সুযোগ কাজে লাগিয়ে গাকৃবিকে আমরা একটি শতভাগ গবেষণানির্ভর, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই।” পরে প্রশিক্ষক তাঁর তথ্যবহুল ও সুসংগঠিত উপস্থাপনায় এটিএফ অর্জনের ধাপ, উপ-প্রকল্পের ধরন, প্রস্তাবনা তৈরির কৌশল, রুবরিক্সভিত্তিক মূল্যায়ন পদ্ধতি এবং কার্যকর প্রকল্প ব্যবস্থাপনার নানা বাস্তব দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। প্রশিক্ষণের শেষ পর্বে ছিল প্রাণবন্ত প্রশ্নোত্তর সেশন। অংশগ্রহণকারী শিক্ষকরা তাঁদের অভিজ্ঞতা ও জিজ্ঞাসা তুলে ধরেন, আর বিশেষজ্ঞ কী-নোট স্পিকার সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
গাকৃবিতে হিট প্রকল্পের এটিএফ প্রস্তাবনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
দেশজুড়ে
১ মিনিট পড়া
আব্দুল মালেক মিয়া, গাজীপুর