• ব্যবসায়
  • আইডিআরএ চেয়ারম্যানসহ ৩ সরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

আইডিআরএ চেয়ারম্যানসহ ৩ সরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

ব্যবসায় ১ মিনিট পড়া
আইডিআরএ চেয়ারম্যানসহ ৩ সরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ‘ব্যক্তিগত অনিবার্য কারণ’ উল্লেখ করে সোমবার (২ মার্চ) তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র দাখিল করেছেন।

আইডিআরএ সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে এক অভ্যন্তরীণ সভায় তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছিলেন। এখন তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন।

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আসলাম আলমের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন নিয়ম অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার পদত্যাগ কার্যকর করতে ফাইল তৈরি করা হবে এবং অর্থমন্ত্রীর অনুমতি নিয়ে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রী অনুমোদন দিলে পদত্যাগ কার্যকর হবে।

সরকারের সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর আইডিআরএ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।

যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ৮ সেপ্টেম্বর। বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিআরএ জীবন ও সাধারণ বীমা কোম্পানিগুলোর কার্যক্রম তদারকি, লাইসেন্স প্রদান, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে।

এছাড়া রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন।

সোমবার (২ মার্চ) তারা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে পৃথকভাবে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। তারা সবাই ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যাগ করেছেন।

বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি বিভিন্ন সংস্থায় রদবদল শুরু হয়। গত ২৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল ও নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানের নিয়োগের পর থেকে সরকারি সংস্থার শীর্ষ পদে পরিবর্তনের আলোচনা গুরুত্ব পেতে থাকে।

এ নিয়ে ওই দিনই অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, সরকারের প্রয়োজনেই এই পরিবর্তন আনা হয়েছে।

এ ধরনের আরও পরিবর্তন দেখা যাবে বলেও তিনি জানিয়েছিলেন।

Tags: পদত্যাগ চেয়ারম্যান আইডিআরএ রকারি শীর্ষ কর্মকর্তা