• রাজনীতি
  • নারী আসনে ভোট: দলগুলোকে জোটের তথ্য জানাতে বলল ইসি

নারী আসনে ভোট: দলগুলোকে জোটের তথ্য জানাতে বলল ইসি

রাজনীতি ১ মিনিট পড়া
নারী আসনে ভোট: দলগুলোকে জোটের তথ্য জানাতে বলল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের নির্বাচনে দলগুলো জোট করবে কিনা, সেই তথ্য জানাতে বলল নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ১৫ মার্চ সময় বেঁধে দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব দল বিভিন্ন আসনে জয় পেয়েছে, তাদের আগামী ১৫ মার্চের মধ্যে জোটের তথ্য দিতে বলা হয়েছে।

দলগুলো জোটের তথ্য দিলে সে অনুযায়ী, ভোটার তালিকা প্রণয়ন করে তা প্রকাশ করা হবে। এরপর নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি।

এনসিপি ৬টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি। ইসলামি আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে ১টি। গণঅধিকার পরিষদ আসন পেয়েছে ১টি।

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১ আসনে জয় লাভ করেছে। গণসংহতি পেয়েছে ১ আসন। খেলাফত মজলিস পেয়েছ ১টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৭টি আসন। ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে ভোট হয়, তবে আদালতের আদেশে চট্টগ্রাম-২ ও ৪ আসনে ফলাফল প্রকাশ বন্ধ রেখেছে ইসি।

তাই ২৯৭ আসনের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে এরই মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-১ আসনটি ছেড়ে দেওয়ায় সংসদে দলটির প্রতিনিধি রয়েছে ২০৮ জন। জাতীয় সংসদের নারী আসনের নির্বাচনের আইন অনুযায়ী, বিএনপি ৩৪ দশমিক ৬৬ আসন বা ৩৫টি আসন পাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দশমিক ৩৩ বা ১১টি আসন পাবে।

স্বতন্ত্র প্রার্থীরা ১ দশমিক ১৬ শতাংশ বা ১টি আসন পাবে। জাতীয় নাগরিক পার্টি পাবে ১টি আসন। অন্য ছোট দলগুলো নিজেদের মধ্যে জোট না করলে কোনো আসন পাবে না। তবে জোট করলে পাবে ১টি আসন। এক্ষেত্রে বিএনপির আরও একটি আসন বেড়ে দাঁড়াবে ৩৬টি।

আবার জোটগতভাবে যদি বড় দলগুলোও নির্বাচন করে তাহলে এই সংখ্যা হেরফের হবে।

সাধারণত কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা। তবে বিভিন্ন শর্তের কারণে এই সংখ্যা এদিক-সেদিক হতে পারে।

নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ঈদের পরে নারী আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছি। এজন্য সব কাজ গুছিয়ে নেওয়া হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে ভোট হয় শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মারা যাওয়ার কারণে। ওই আসনে পরে নতুন তফসিলের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এ ছাড়া তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন পরে অনুষ্ঠিত হবে।

সাধারণ নির্বাচনে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ৫০টি দল অংশ গ্রহণ করে। জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসন পাইনি। নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ ছিল ভোটের বাইরে। নয়টি দল নির্বাচনে অংশ নেয়নি।

Tags: ভোট ইসি নারী আসন দলগুলো জোটের তথ্য