গাজীপুরে আপন ভাইকে শ্বাসরোধে হত্যার পর মাটি চাপা দেওয়ার ঘটনায় বড়ভাই ও তার এক সহযোগীসহ দুইজনকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নিহতের বড় ভাই আল আমিন (২৩) ও তার বন্ধু আশিক আহমেদ (২০)। বুধবার সকালে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংএ এই তথ্য জানান পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন। পুলিশ সুপার জানান, পিতার কাছে মোবাইল কেনার বায়না ধরে মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া আঃ রাহিম (১৩)। বিষয়টি তার বড় ভাই আলামিন হোসেন দেখে তার ছোট ভাইকে ভয় দেখানোর জন্য গত ১ ফেব্রুয়ারি বাড়ির অদূরে নিয়ে যায়। সেখানে রাহিমকে মাফলার দিয়ে গজারি গাছের সাথে বাঁধে এবং মুখ স্ক্রচটেপ দিয়ে প্যাচায়। বড়ভাই আলামিন হোসেন ছোট ভাই রাহিমকে চর-থাপ্পর মেরে মুখে স্ক্রচটেপ খুলে দিলে রাহিম পুরো ঘটনা তার বাবার নিকট বলে দিবে বললে আলামিন তার ছোটভাই রাহিমকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। আল আমিন তার বন্ধু আশিক ও সুমনের সাথে পরিকল্পনা করে জয়দেবপুর থানার বিকেবাড়ি পদ্মপাড়া এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশে বিটিআই গ্রুপের বাউন্ডারী ওয়ালের পশ্চিম পার্শ্বে শালবনের ভেতরে নিয়ে রাহিমকে মাটিতে ফেলে গলাটিপে হত্যা করে। পরবর্তীতে আলামিন তার অন্য সহযোগী আশিক ও সুমনকে সাথে পরামর্শ করে ঘটনাস্থলের পাশেই গর্ত করে লাশ মাটি চাপা দেয়। রাহিমের গায়ের জ্যাকেটটি বড়চালা এলাকার তিন রাস্তার মোড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এদিকে রাহিম নিখোঁজ হওয়ার পর তার পিতা নুরুল ইসলাম জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করার পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে পুলিশ ওই স্থানে মাটি চাপা দেওয়া অবস্থায় একজন অজ্ঞাতনামা ১৩/১৪ বৎসর বয়সী ছেলের মৃতদেহ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে। নিহতের পিতা শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহের পরিহিত পোশাক দেখে তার ছেলে আঃ রাহিম কে সনাক্ত করে। এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি জয়দেবপুর থানায় মামলা করেন পিতা নুরুল ইসলাম। পরে পুলিশ এ ঘটনার তদন্ত করতে গিয়ে তথ্য প্রযুক্তি ও স্থানীয় সূত্র ব্যবহার করে সন্দেহভাজন নিহতের বড়ভাই মোঃ আলামিন হোসেন (২৩) ও তার বন্ধু আশিক আহমেদ (২০) কে অভিযান চালিয়ে গত মঙ্গলবার ভোরে জয়দেবপুর থানাধীন মির্জাপুর এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার গাজীপুর আদালতে হাজির করা হলে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জানিয়েছেন পুলিশ সুপার। প্রেস ব্রিফিংএ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের, মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ আমিনুল ইসলাম, মোঃ মহাবুবুর রহমান ও লিপি রাণী সিনহা এবং জয়দেবপুর থানার ওসি তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
গাজীপুরে পিতার কাছে মোবাইল চাওয়ায় ছোট ভাইকে শ্বাসরোধে হত্যা, গ্রেফতার ২
দেশজুড়ে
১ মিনিট পড়া
আব্দুল মালেক মিয়া,ব্যুরো চীফ, গাজীপুর :