• দেশজুড়ে
  • নেত্রকোণায় কারারক্ষীর বাড়িতে হামলা স্বর্ণালংকার ও নগদ লুটের অভিযোগ

নেত্রকোণায় কারারক্ষীর বাড়িতে হামলা স্বর্ণালংকার ও নগদ লুটের অভিযোগ

দেশজুড়ে ১ মিনিট পড়া

নেত্রকোণা জেলা প্রতিনিধি

নেত্রকোণা'র মদনে পূর্ব-বিরোধের জেরে এক কারারক্ষীর বসতবাড়িতে ভোরের আঁধারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সীমানা প্রাচীরের সিমেন্টের পিলার ভেঙে, কাঁটাতারের বেড়া কেটে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মো. আলমগীর হোসেন মাসুদ (৪২) অভিযোগ করেন, গত সোমবার (২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে একই গ্রামের কয়েকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী পদে কর্মরত এবং নেত্রকোণা জেলার মদন উপজেলার উত্তর দেওলজিলা গ্রামের বাসিন্দা।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়ির উত্তর পাশের সীমানা প্রাচীরের ৮০টি সিমেন্টের পিলার ভেঙে ফেলে এবং ড্রিল মেশিন দিয়ে কাঁটাতারের বেড়া কেটে দেয়। ১২ বান টিন ও প্রায় ১৫ হাজার টাকা মূল্যের কাঁটাতার খুলে নিয়ে যায় তারা। বাধা দিতে গেলে আলমগীরের বৃদ্ধ পিতাকে মারধর করে মাটিতে ফেলে গলায় চেপে ধরে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে।

এ সময় বসতঘরে ঢুকে ট্রাংকে রাখা প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও কিছু রুপার গহনা—যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা—এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।

গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। মামলা করলে প্রাণনাশ ও অগ্নিসংযোগের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।

এ ঘটনায় আলমগীর হোসেন মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্তদের একজন মিরাজুল ইসলাম দাবি করেন, “ওই জায়গা আমাদের পৈতৃক সম্পত্তি। আদালতের ডিক্রি পাওয়ার পর আমরা নিজেদের জমির বেড়া ভেঙেছি।”

স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। হামলা-লুটপাটের অভিযোগ ও পাল্টা জমি দাবির ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে।