গাজীপুর মহানগরের ভাওয়াল রাজবাগান এলাকায় এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী আতিকুর রহমান তালুকদার সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে ও পুলিশ জানায়, মঙ্গলবার ( ৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুর কলাপট্টি এলাকায় কর্মস্থলে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন গাজীপুর মহানগরের চাপুলিয়া এলাকার আবুল কালাম আজাদ তালুকদারের ছেলে আতিকুর রহমান। এ সময় তার পূর্বপরিচিত মারুফ হাসান তাকে কৌশলে অটোরিকশায় তুলে হাড়িনাল নোয়াগাঁও এলাকার ভাওয়াল রাজবাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করছিল আরও ৩ জন যুবক।
অভিযোগ অনুযায়ী, সেখানে পৌঁছামাত্র মারুফ তার কাছে থাকা একটি ছুরি বের করে ভয়ভীতি দেখায়। পরে সবাই মিলে আতিকুরের হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং মারধর শুরু করে। একপর্যায়ে তার কাছ থেকে নগদ ১ হাজার ৪৫০ টাকা নিয়ে নেয়। এরপর তার মোবাইল ফোন দিয়ে স্বজনদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না পেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর স্বজনরা বিষয়টি পুলিশকে জানালে গাজীপুর সদর মেট্রো থানার টহল দল রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে এবং আতিকুরকে উদ্ধার করে। গ্রেফতারকৃত অপর ৩ জন হলো অপর গ্রেফতারকৃত হলো মতিউর রহমানের ছেলে মারুফ হাসান, মৃত আবুল হোসেনের ছেলে তানজিব হোসেন, আব্দুল লতিফের ছেলে মোঃ সোহরাব। এ সময় অজ্ঞাত সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আটক আসামির কাছ থেকে ছিনিয়ে নেওয়া নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি সুইস গিয়ার ছুরি ও হাত-পা বাঁধার রশি জব্দ করা হয়েছে। আহত আতিকুরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আটক ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।