• খেলা
  • ‘আশা করি আমার দেশ বেঁচে থাকবে’—সংবাদ সম্মেলনে কাঁদলেন ইরানি ফুটবলার

‘আশা করি আমার দেশ বেঁচে থাকবে’—সংবাদ সম্মেলনে কাঁদলেন ইরানি ফুটবলার

খেলা ১ মিনিট পড়া
‘আশা করি আমার দেশ বেঁচে থাকবে’—সংবাদ সম্মেলনে কাঁদলেন ইরানি ফুটবলার

মাঠের লড়াই যখন এশিয়ান কাপের শ্রেষ্ঠত্ব অর্জনের, তখন মাঠের বাইরের যুদ্ধ আর পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে ইরান নারী ফুটবল দলের খেলোয়াড়দের।

বুধবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলার সময় নিজের আবেগ আর চোখের জল ধরে রাখতে পারছিলেন না ইরানি স্ট্রাইকার সারা দিদার। কারণ, অস্ট্রেলিয়ায় যখন তারা মাঠের লড়াই লড়ছেন, তখন তাদের স্বদেশ জ্বলছে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায়। হাজারের ওপর মানুষের মৃত্যু হয়েছে এই হামলায়।

এর মধ্যে একটি বালিকা বিদ্যালয়ে বিমান হামলায় নিহত হয়েছে ১৮০ জনের বেশি মানুষ, যার মধ্যে ১৬০ জনই ওই স্কুলের শিশু শিক্ষার্থী। হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি ও শীর্ষ পর্যায়ের কয়েকজন ব্যক্তি নিহত হয়েছেন। স্বদেশে এই বিপর্যয়ের মধ্যেই বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে সারা দিদার বলেন, ‘ইরানে আমাদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে যা ঘটছে, তা নিয়ে আমরা সবাই অত্যন্ত চিন্তিত এবং ব্যথিত। আমি কেবল আশা করি যেন আমাদের দেশ থেকে ভালো কোনো সংবাদ আসে এবং আমার দেশ শক্তিশালীভাবে বেঁচে থাকে। ’ দলের প্রধান কোচ মারজিয়ে জাফারি জানান, ইরানে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা ব্ল্যাকআউট বা বিচ্ছিন্ন থাকায় তারা পরিবারের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারছেন না। তিনি বলেন, ‘আমরা আমাদের পরিবারের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন, কারণ আমরা তাদের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আছি। তবে এখানে আমরা পেশাদার ফুটবল খেলতে এসেছি এবং সামনের ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার দিকেই মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।’

গত সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত বাজার সময় খেলোয়াড়রা নীরবতা পালন করেছিলেন।

সেই ম্যাচে অনেক ইরানি সমর্থক গ্যালারিতে উপস্থিত থেকে দলকে সমর্থন জুগিয়েছেন, যা কোচ জাফরির কাছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে। অস্ট্রেলিয়া দলের কোচ জো মোন্তেমুরো ইরানি দলের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। তিনি জানান, তারা চান ইরানি খেলোয়াড়রা যেন এখানে একটি চমৎকার অভিজ্ঞতা নিয়ে যেতে পারে। বৃহস্পতিবারের ম্যাচে গ্যালারি ভর্তি দর্শক ইরানি দলকে সহমর্মিতার সঙ্গে স্বাগত জানাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৭ সালের ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে ইরানকে এই টুর্নামেন্টের শীর্ষ আটের মধ্যে থাকতে হবে।

Tags: সংবাদ আশা করি দেশ বেঁচে থাকবে সম্মেলনে কাঁদলেন ইরানি ফুটবলার