• বিনোদন
  • অরিজিতের পর কি গানে ইতি টানছেন শ্রেয়াও? আপত্তিকর কথা নিয়ে বড় সিদ্ধান্ত গায়িকার

অরিজিতের পর কি গানে ইতি টানছেন শ্রেয়াও? আপত্তিকর কথা নিয়ে বড় সিদ্ধান্ত গায়িকার

নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা গানের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন শ্রেয়া ঘোষাল, জানালেন নতুন সিদ্ধান্তের কথা।

বিনোদন ১ মিনিট পড়া
অরিজিতের পর কি গানে ইতি টানছেন শ্রেয়াও? আপত্তিকর কথা নিয়ে বড় সিদ্ধান্ত গায়িকার

অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছাড়ার খবরের রেশ কাটতে না কাটতেই এবার সংগীতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। ‘মেরে ঢোলনা’ থেকে ‘চিকনি চামেলি’—নানা ঘরানার গানে কয়েক দশক ধরে শ্রোতাদের মুগ্ধ করা এই শিল্পী জানিয়েছেন, ভবিষ্যতে আর নির্দিষ্ট কিছু ‘আপত্তিকর’ ধরনের গান করবেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে গান বাছাই নিয়ে নিজের কড়া অবস্থানের কথা স্পষ্ট করেছেন এই সংগীত তারকা।

বলিউডের অন্যতম জনপ্রিয় এবং মেধাবী সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। সম্প্রতি তিনি জানিয়েছেন, কেরিয়ারের এই পর্যায়ে এসে তিনি গানের কথার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে যে গানে নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা হয় বা দ্ব্যর্থবোধক ও আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়, তেমন গান তিনি আর কখনোই রেকর্ড করবেন না।

‘চিকনি চামেলি’ নিয়ে বর্তমান দৃষ্টিভঙ্গি বলিউড ব্লকবাস্টার সিনেমা ‘অগ্নিপথ’-এ ‘চিকনি চামেলি’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রেয়া। পর্দায় ক্যাটরিনা কাইফের নাচে গানটি সেই সময় চার্টবাস্টার হয়েছিল। তবে শ্রেয়া জানিয়েছেন, সেই সময় গানটি গাইতে তার অস্বস্তি না হলেও এখন তার দৃষ্টিভঙ্গি বদলেছে। তিনি বলেন, ‘চিকনি চামেলি’ তুমুল জনপ্রিয় হওয়ার পর তার কাছে এমন আরও অনেক গানের প্রস্তাব এসেছিল, যেগুলোতে নারীদের অনেকটা নেতিবাচক বা পণ্য হিসেবে তুলে ধরা হয়েছিল। সচেতনভাবেই তিনি সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

আপত্তিকর পঙ্‌ক্তি ও শিল্পের মর্যাদা এক সাক্ষাৎকারে শ্রেয়া ঘোষাল একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি জানান, তার এক গীতিকার বন্ধুর দেওয়া একটি গানে ‘আমাকে চিকেন বানিয়ে খেয়ে নাও’ ধরনের কিছু ইঙ্গিতপূর্ণ পঙ্‌ক্তি ছিল। গানটি স্রেফ মজার ছলে তৈরি করা হলেও শ্রেয়ার কাছে তা অরুচিকর মনে হয়েছে। তিনি স্বীকার করেন যে, ক্যারিয়ারের শুরুতে অনেক সময় পঙ্‌ক্তির গভীর অর্থ বা এর নেতিবাচক প্রভাব বোঝার মতো পরিপক্কতা তার ছিল না। তবে এখন তিনি শিল্পের মর্যাদার প্রশ্নে আপস করতে রাজি নন।

মঞ্চে গাওয়ার অস্বস্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা শ্রেয়া বলেন, “একটি গান যখন হিট হয়, তখন সেটি মঞ্চেও গাইতে হয়। কিন্তু গানের কথায় যদি কোনো আপত্তিকর বা অশ্লীল ইঙ্গিত থাকে, তবে সামনে শিশুদের বসে থাকতে দেখলে চরম অস্বস্তি হয়।” এই দায়বদ্ধতা থেকেই তিনি ভবিষ্যতে এই ঘরানার গান রেকর্ড না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। মঞ্চে ‘চিকনি চামেলি’ গাইলেও গানটির সুরের প্রতি ভালো লাগার কথা জানান তিনি, তবে ভবিষ্যতে এমন কথার কোনো নতুন গান আর তার কণ্ঠে শোনা যাবে না।

সংগীতবোদ্ধারা মনে করছেন, অরিজিৎ সিংয়ের পর শ্রেয়া ঘোষালের মতো শীর্ষ শিল্পীর এমন অবস্থান বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে গানের মানের ক্ষেত্রে নতুন প্রভাব ফেলবে।

Tags: music industry bollywood news entertainment news shreya ghoshal arijit singh chikni-chameli