• আন্তর্জাতিক
  • ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

আসামের কার্বি আংলং জেলায় ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় দেশটির বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। শুক্রবার ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহত দুই পাইলট হলেন- স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর।

বিমানবাহিনী জানায়, রাশিয়ার তৈরি সুখোই এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। আসামের যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ হারানোর পর অনুসন্ধান শুরু হয়। পরে ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার দুর্গম এলাকায় বিমানটি বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়।

জানা যায়, যুদ্ধবিমানটি একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে তারা পাহাড় থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তারা আগুনের একটি গোলাও লক্ষ্য করেন।

এই দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় বিমানবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে এক বার্তায় সংস্থাটি জানিয়েছে, এই কঠিন সময়ে নিহতদের পরিবারের পাশে দৃঢ়ভাবে থাকবে আইএএফ।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং "মর্মান্তিক" দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

এর আগে, ২০২৪ সালের জুন মাসে মহারাষ্ট্রের নাসিকে একটি সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ২০২৩ সালের জানুয়ারিতে মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর একটি সুখোই-৩০ জেট বিধ্বস্ত হয়।

উল্লেখ্য, সুখোই এসইউ–৩০ এমকেআই একটি দুই আসনের, বহুমুখী ও দীর্ঘপাল্লার যুদ্ধবিমান। রাশিয়ার বিমান নির্মাতা প্রতিষ্ঠান সুখোই এটি তৈরি করেছে। বর্তমানে ভারতীয় রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) লাইসেন্সের অধীনে এই বিমান তৈরি হচ্ছে।

সূত্র : এনডিটিভি

Tags: নিহত যুদ্ধবিমান ভারত বিধ্বস্ত পাইলট