এ অবস্থায় সাগরে আটকে থাকা রাশিয়ার জ্বালানি তেল কেনার জন্য নিষেধাজ্ঞা থেকে ভারতকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ভারতীয় শোধনাগারগুলোকে রাশিয়ার তেল কেনার জন্য ৩০ দিনের একটি সুচিন্তিত সাময়িক ছাড় দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন অর্থমন্ত্রী জানান, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সচল রাখতে এবং ‘বিশ্বের জ্বালানি খাতকে জিম্মি করার ক্ষেত্রে ইরানের চেষ্টাকে’ রুখে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেসেন্ট আরও উল্লেখ করেন, এটি একটি ‘সুপরিকল্পিত স্বল্পমেয়াদি পদক্ষেপ’। যেহেতু এটি শুধু সমুদ্রে আটকে থাকা তেলের ক্ষেত্রে প্রযোজ্য, তাই এর মাধ্যমে রুশ সরকার বড় কোনো আর্থিক সুবিধা পাবে না।
ইউক্রেনে হামলার পর রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে তেল আমদানিকারক দেশগুলো রাশিয়ার বিকল্প খুঁজতে বাধ্য হয়।
রাশিয়ার জ্বালানির অন্যতম বড় ক্রেতা হলো ভারত। ইউক্রেন যুদ্ধের তহবিল কমাতে ভারত যাতে রাশিয়ার তেল কেনা বন্ধ করে, সে জন্য দিল্লির ওপর বিশেষ চাপ বজায় রেখেছিল ওয়াশিংটন।