সম্প্রতি রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন।
আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘যুদ্ধকবলিত দেশ ছাড়া একসঙ্গে একই পরিবারের ৯ জনসহ ১৪ জন মানুষের মৃত্যু সচরাচর ঘটে না। আসলে আমরা যখন রাস্তায় বের হই, যুদ্ধের ময়দানের মতো জীবনের শঙ্কা নিয়েই বের হই। ’ তিনি বলেন, ‘ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণহীন চালক, ট্রাফিক আইন উপেক্ষা আর ভাঙাচোরা রাস্তার প্রতিটি মোড় যেন একেকটি মৃত্যুকূপ। সরকার, বাস-মালিক, চালক থেকে শুরু করে আমরা সবাই যদি সতর্ক না হই, ট্রাফিক আইন না মানি, সবাই যদি নিজেদের দায়িত্বটা পালন না করি, তবে এই রকম নির্মম মৃত্যু আমাদের নিয়মিত দেখে যেতে হবে।’
ইসলামী এই আলোচক আরো বলেন, ‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, এটি মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত। এই সুশাসন যদি নিশ্চিত করা না যায়, তবে বিয়ের যাত্রা হোক কিংবা ঈদের আনন্দভ্রমণ, যেকোনো যাত্রাই মুহূর্তে শেষযাত্রায় পরিণত হতে পারে। ’ ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে তিনি বলেন, খুলনা-মোংলা মহাসড়কে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত ও শোকাহত। মহান আল্লাহ নিহতদের ভুলত্রুটি ক্ষমা ও স্বজনদের ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।