আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ইরান ও আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির প্রভাব পড়েছে ফুটবল সূচিতে। ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে প্রতিবেশী দেশ মেক্সিকোতে আয়োজনের দাবি জানিয়েছিল। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র ১২ সপ্তাহ আগে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।
ফিফার কড়া অবস্থান ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ীই সব ম্যাচ অনুষ্ঠিত হবে। সংস্থার এক মুখপাত্র জানান, “অংশগ্রহণকারী সব সদস্য দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ৬ ডিসেম্বর ২০২৫-এ ঘোষিত সূচি পরিবর্তন করা সম্ভব নয়। ফিফা নির্ধারিত সময়েই সব দলের অংশগ্রহণ প্রত্যাশা করছে।” ফিফার মতে, আসর শুরুর এত অল্প সময় আগে ১০৪টি ম্যাচের বিশাল সূচিতে কোনো পরিবর্তন আনা লজিস্টিকসগতভাবে অসম্ভব।
মেক্সিকোর ইতিবাচক সাড়া কিন্তু ফিফার না মজার বিষয় হলো, ইরানের এই আবেদনে মেক্সিকো ইতিবাচক সাড়া দিয়েছিল। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানান, ইরান চাইলে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা বা মন্টেরেতে ম্যাচগুলো আয়োজন করতে তাদের কোনো সমস্যা নেই। তিনি বিষয়টিকে ফিফার লজিস্টিকস সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। তবে ফিফা মেক্সিকোর এই গ্রিন সিগন্যাল আমলে নেয়নি।
ইরানের অনিশ্চিত যাত্রা এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ইরানের জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো চিরশত্রু যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইরানি ফুটবলারদের নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত জটিলতা আরও প্রকট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রুপ পর্বে বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপের মূল আসর শুরুর মাত্র তিন মাস আগে ফিফার এই কঠোর সিদ্ধান্ত ইরানের ফুটবল ফেডারেশনকে নতুন করে ভাবিয়ে তুলেছে। এখন দেখার বিষয়, তেহরান এই সিদ্ধান্ত মেনে নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে নামে কি না।