এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, বছরটিতে দূষিত দেশের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তান। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে তাজিকিস্তান ও চাদ।
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা নিজেদের এক প্রতিবেদনে জানায়, ২০২৫ সালে পাকিস্তান ছিল বিশ্বের সবচেয়ে ধোঁয়াশাচ্ছন্ন দেশ। বছরটিতে দেশটির বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫ এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশকৃত সীমার তুলনার ১৩ গুণ।
মঙ্গলবার (২৪ মার্চ) বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করে আইকিউএয়ার। প্রতিবেদনে সংস্থাটি বলছে, মাত্র ১৩টি দেশ ও অঞ্চল তাদের পিএম ২.৫ এর উপস্থিতির গড় মাত্রা ডব্লিউএইচওর নির্দেশিকার নিচে রাখতে পেরেছে। ২০২৪ সালের এ সংখ্যা ছিল ছয়টি।
১৪৩টি দেশের ৯ হাজার ৪৪৬টি শহর থেকে তথ্য সংগ্রহ করেছে আইকিউএয়ার। সামগ্রিকভাবে, পর্যবেক্ষণ করা ১৪৩টির মধ্যে ১৩০টি দেশ ও অঞ্চল ডব্লিউএইচওর মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে।
বায়ুদূষণের অন্যতম উপাদান পিএম ২.৫ ধরেই এ বায়ুর মান নির্ণয় করা হয়েছে এ প্রতিবেদনে। স্বাস্থ্যকর বায়ুর জন্য ডব্লিউএইচওর নির্ধারিত মান হলো, প্রতি ঘনমিটারে গড়ে সর্বোচ্চ পাঁচ মাইক্রোগ্রাম। পাকিস্তানে এর মাত্রা ছিল ৬৭ দশমিক তিন মাইক্রোগ্রাম।