হলিউডের কালজয়ী সিনেমা 'ফরেস্ট গাম্প'-এর রিমেক হিসেবে আমির খান নির্মাণ করেছিলেন 'লাল সিং চাড্ডা'। কিন্তু ২০২২ সালে মুক্তির পর ছবিটি দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। এই সিনেমার ব্যর্থতা যে আমিরের মনে কতটা গভীর ক্ষত সৃষ্টি করেছিল, তা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তিনি।
অতিরিক্ত আত্মবিশ্বাসই কি কাল হলো? আমির স্বীকার করেছেন যে, সিনেমাটি নিয়ে তিনি কিছুটা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন। তার ধারণা ছিল, ছবিটি অনায়াসেই ৩০০ কোটি টাকার বেশি ব্যবসা করবে। ছবির স্বত্ব ১৮০ কোটি টাকায় বিক্রি হলেও নির্মাণের ক্ষেত্রে কারো পরামর্শ শোনেননি তিনি। আমির বলেন, 'আমি খুব সহজেই ধরে নিয়েছিলাম ২০০ কোটির ছবি ৩০০ কোটি ব্যবসা করবে। আসলে ছবিটি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেনি।'
ব্যর্থতায় কাটত চোখের জলে সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর আমির খানের মানসিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। তিনি জানান, সেই সময় নিজের আবেগ নিয়ন্ত্রণ করা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ব্যর্থতার কথা ভেবে সারা দিন তার চোখে জল চলে আসত। আমির বলেন, 'সেই সময় আমার মা, দুই বোন, সন্তানরা এবং প্রাক্তন স্ত্রী পাশে না থাকলে পরিস্থিতি সামলানো কঠিন হতো।'
অভিনয় ছাড়ার সিদ্ধান্ত এই ব্যর্থতা আমিরকে এতটাই বিচলিত করেছিল যে, তিনি চিরতরে অভিনয় জগতকে বিদায় জানানোর কথা ভেবেছিলেন। নিজের ক্যারিয়ারের এমন বড় ধাক্কা কাটিয়ে উঠতে তার দীর্ঘ সময় লেগেছে। যদিও শেষ পর্যন্ত পরিবারের অনুপ্রেরণায় তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। বর্তমানে তিনি ছেলে জুনেইদ খানের 'এক দিন' ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও রুপালি পর্দায় আমির নিজের জাদু ফেরাতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।