বলিউড থেকে হলিউড— সর্বত্রই সমান বিচরণ প্রিয়াঙ্কা চোপড়ার। ২০১৮ সালে মার্কিন গায়ক নিক জোনাসকে ভালোবেসে বিয়ে করেন তিনি। বয়সের ব্যবধান ও ভিন্ন সংস্কৃতির কারণে শুরু থেকেই এই দম্পতিকে নিয়ে কৌতূহলের শেষ ছিল না। সম্প্রতি তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়লে এক সাক্ষাৎকারে কড়া জবাব দিয়েছেন দেশি গার্ল।
গুঞ্জন নিয়ে প্রিয়াঙ্কার ক্ষোভ সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, “আমি ও নিক খুবই সুখে আছি, একসঙ্গে জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু গত কয়েকদিন ধরে শুনছি আমি আর নিক আলাদা হয়ে যাচ্ছি। মানুষ কি চায় আমাদের সংসার ভেঙে যাক? কেন বারবার এ ধরনের গুজব ভাইরাল হয়, আমি বুঝতে পারি না।”
কেন ছড়ায় বিচ্ছেদের কথা? নিকের সঙ্গে দাম্পত্য জীবনে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও কেন এমন গুঞ্জন ছড়ায়— এমন প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, “আমরা ভিন্ন দুটি দেশের মানুষ, আমাদের ধর্ম আলাদা এবং বয়সের পার্থক্যও বেশ। হয়তো এসব কারণেই মানুষ নেতিবাচক কথা বলার সুযোগ পায়। কিন্তু বাস্তবতা হলো, আমরা গত আট বছর ধরে খুব সুখে আছি।”
নেতিবাচকতাকে পাত্তা দেন না নিক-প্রিয়াঙ্কা অন্যরা কী বলছে তা নিয়ে প্রিয়াঙ্কা বা নিক কেউই খুব একটা মাথা ঘামান না। অভিনেত্রী জানান, তারা একে অপরের ওপর পূর্ণ বিশ্বাস রাখেন এবং নিজেদের জীবন নিয়েই ব্যস্ত। উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থায়ীভাবে বসবাস করছেন এই তারকা দম্পতি এবং তাদের মালতী মেরি নামে একটি কন্যা সন্তান রয়েছে।