• দেশজুড়ে
  • নৌবাহিনীর বিশেষ অভিযানে ৭২ হাজার ইয়াবা জব্দ, আটক দুজন

নৌবাহিনীর বিশেষ অভিযানে ৭২ হাজার ইয়াবা জব্দ, আটক দুজন

দেশজুড়ে ১ মিনিট পড়া
নৌবাহিনীর বিশেষ অভিযানে ৭২ হাজার ইয়াবা জব্দ, আটক দুজন

যায়েদুর রহমান: উখিয়া (কক্সবাজার)

টেকনাফে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মুদ্রা ও মাদক পরিবহনে ব্যবহৃত সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় দুই মাদককারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ও শাহ্ পরীর দ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ৩টার দিকে নয়াপাড়া এলাকায় অভিযান চালায় নৌবাহিনীর একটি আভিযানিক দল। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তি, নূর মোহাম্মদ ও হামিদ হোসেন,‌ পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা বক্স থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

অপরদিকে, একই দিনে শাহ্ পরীর দ্বীপ এলাকায় নোঙর করা একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন গোপন কুঠুরি থেকে আরও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোন এবং মিয়ানমারের ১১ হাজার কিয়াত মুদ্রা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত সামগ্রী ও আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের উপকূলীয় ও সমুদ্র এলাকায় মাদক পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়।