সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে আন্ত লেনদেনে আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ঢাকার একটি হোটেলে গতকাল সোমবার অনলাইন লেনদেনসংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ সম্ভাবনার কথা শোনান।
গভর্নর বলেন, ‘২০২৭ সালের জুলাইয়ের মধ্যে এটি সম্ভব হতে পারে। সব ব্যাংক, এমএফএস (মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসেস), আর্থিক প্রতিষ্ঠান, বীমা কম্পানিসহ সব প্রতিষ্ঠানের মধ্যে আন্ত লেনদেন ব্যবস্থা চালু হবে।
’ অনলাইনে সব লেনদেন তাত্ক্ষণিক সম্পন্ন হওয়ায় নগদ অর্থের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ জন্য ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে। সেই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠায় এদিন বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করে গেটস ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ‘মোজোলুপ’। চুক্তি সইয়ের অনুষ্ঠানে সশরীরে কোনো প্রতিনিধি আসেননি গেটস ফাউন্ডেশন ও ‘মোজোলুপ’ থেকে।
এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নে গভর্নর বলেন, নিরাপত্তাজনিত কারণে চুক্তিটি ‘ভার্চুয়ালি’ হয়েছে। এই প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ কার কাছে থাকবে, তা এখনো স্পষ্ট করা হয়নি। তবে সরকারি-বেসরকারি উদ্যোগে এটি হতে পারে বলে আভাস মিলেছে অনুষ্ঠানে। ‘ইনস্ট্যান্ট পেমেন্ট ইন বাংলাদেশ : আনভেইলিং ইনক্লুশন অপারচুনিটিজ’ শিরোনামে এ অনুষ্ঠান হয়।
আহসান এইচ মনসুর বলেন, ‘লেনদেনে স্বচ্ছতা আনতে ডিজিটাইজেশনের বিকল্প নেই। আর এ জন্য আন্ত লেনদেন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এতে লেনদেনে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে, রাজস্ব আদায় বাড়বে।’
নগদ অর্থের লেনদেন কমিয়ে আনতে মোবাইল ব্যাংকিং, ‘বিনিময়’ ও সর্বশেষ কিউআর কোড এনেছিল বাংলাদেশ ব্যাংক। মোবাইল ব্যাংকিং ছাড়া কোনোটির তেমন প্রচলন দেখা যায়নি।