• জাতীয়
  • শেখ হাসিনার ব্যাংক লকার থেকে জব্দ স্বর্ণ নিয়ে যা বলছে দুদক

শেখ হাসিনার ব্যাংক লকার থেকে জব্দ স্বর্ণ নিয়ে যা বলছে দুদক

জাতীয় ১ মিনিট পড়া
শেখ হাসিনার ব্যাংক লকার থেকে জব্দ স্বর্ণ নিয়ে যা বলছে দুদক

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা লকার থেকে এসব স্বর্ণালংকার পাওয়া যায়।

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার নামে থাকা দু'টি ভল্ট থেকে যে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, সেটির মালিক কেবল শেখ হাসিনা একা নন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন।

আজ বুধবার দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দুদক মহাপরিচালক বলেন, জব্দ স্বর্ণালংকারের মধ্যে কিছু স্বর্ণালংকার সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ছিল, কিছু স্বর্ণালংকার তার মেয়ের ছিল, কিছু স্বর্ণালংকার তার বোনের ছিল। আলাদা আলাদা মার্কিং করা ছিল স্বর্ণালংকারগুলো।

তিনি বলেন, আমাদের অনুসন্ধানকারী দলের কর্মকর্তারা যারা রয়েছেন, তারা এগুলো পৃথক করবেন কার কোন অংশটুকু আছে।

অতীতে নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা যে সম্পদের বিবরণী দিয়েছেন, সেখানে এসব স্বর্ণের কথা উল্লেখ ছিল কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক।

তিনি বলেন, সম্পদবিবরণী যাচাই করলে জানা যাবে স্বর্ণগুলো জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ কি না। যদি আয়ের উৎস জানা না যায় বা তা বৈধ আয়ের সঙ্গে সংগতিপূর্ণ না হয়, তবে তা অবৈধ সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে।

Tags: শেখ হাসিনা দুদক ব্যাংক লকার জব্দ স্বর্ণ